সুনামগঞ্জে সাধারণ মানুষের সমস্যা নিয়ে গণশুনানি
সুনামগঞ্জে সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগের বিষয়ে গতকাল বুধবার গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণের সেবাচত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত এই গণশুনানি হয়। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম শুনানি গ্রহণ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসেবার জন্য প্রশাসন—এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বুধবার গণশুনানির আয়োজন হবে। এতে যেকোনো সাধারণ মানুষ তাঁর সমস্যা, জেলা প্রশাসনের যেকোনো বিভাগ সম্পর্কে তাঁর অভিযোগ তুলে ধরতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে সেটির তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। প্রয়োজনে সে বিষয়ে নোট নিয়ে পরবর্তী শুনানির দিন অগ্রগতি জানানো হবে। গতকাল ভূমি, জরিপ, মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। গতকালের শুনানিতে জেলা প্রশাসনের ভূমি, কৃষি, মৎস্য, ত্রাণ ও পুনর্বাসন, পাসপোর্ট, শিক্ষা, প্রাণিসম্পদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলে।
গণশুনানিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ। এ ছাড়া বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরেন সদর উপজেলার নারায়ণতলা গ্রামের মো. ফজলুল হক, ছাতক উপজেলার রিয়াজ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলার বকুল মিয়া, সদর উপজেলার ধারাগাঁও গ্রামের রহিমা বেগম প্রমুখ।