সুনামগঞ্জ শহরে একটি সিএনজি স্টেশনে মিটারে কারচুপির মাধ্যমে গ্যাস চুরির অভিযোগে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত ওই সিএনজি স্টেশনের মিটার খুলে নিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ শহরে একটি মাত্র সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। ওই গ্যাস স্টেশনের বিরুদ্ধে মিটারে কারচুপির মাধ্যমে গ্যাস চুরির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে জালালাবাদ গ্যাসের সিলেট কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুনামগঞ্জে এসে স্থানীয় প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ওই প্রতিষ্ঠানের মিটার খুলে নেওয়া হয়।জালালাবাদ গ্যাসের সুনামগঞ্জ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী রুস্তম আলী চৌধুরী জানান, জালালাবাদ গ্যাসের নীতিমালা অনুযায়ী, মিটার টেম্পারিংয়ের অভিযোগে সিনথিয়া ফিলিং স্টেশনকে সব মিলিয়ে ২৪ লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিন মাসের গড় বিলের হিসাবের এক মাসের বিলও জরিমানায় রয়েছে। তিনি আরও জানান, ওই প্রতিষ্ঠানের কাছে এক কোটি ১৮ লাখ টাকা গ্যাস বিল বকেয়া রয়েছে।জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে যেহেতু সুনামগঞ্জে আর কোনো সিএনজি গ্যাস স্টেশন নাই, সে কারণে মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে, সে জন্য জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে খেয়াল রাখতে বলেছি।’