সুনামগঞ্জে সুরমা সেতুর কাজ আবারও বন্ধ
সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ২০০৬ সালের শেষ দিকে জেলা শহরের মল্লিকপুরে সুরমা নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়। এক বছর কাজ হওয়ার পর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় এটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। প্রায় তিন বছর কাজ বন্ধ থাকার পর গত বছরের শেষের দিকে আবার কাজ শুরু হয়। মাস খানেক ধরে সেতুর কাজ আবার বন্ধ হয়ে গেছে।সুনামগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমানউল্লাহ বলেন, নদীতে পিলারের কাজ শেষ। এখন ওপরের গার্ডারের কাজ হবে। বরাদ্দ পাওয়ার সমস্যা তো আছেই। কিন্তু একেবারে কাজ বন্ধ আছে সেটা বলা যাবে না, কাজ হচ্ছে। নির্ধারিত সময়েই কাজ শেষ হবে।সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সুরমা নদীর ওপর সেতুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটির নাম দেওয়া হয় সুরমা সেতু। বছর খানেক ঢিমেতালে কাজ চলে। প্রায় তিন বছর পর আবার কাজ শুরু হয়ে পাঁচ-ছয় মাস কাজ হওয়ার পর আবার কাজ বন্ধ হয়ে গেছে। শুরুতে সেতু নির্মাণের ব্যয় ধরা হয় ১৮ কোটি টাকা। সেতুর নকশায় ত্রুটি থাকায় আবার নতুন করে প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয় ৬৪ কোটি টাকা। এ পর্যন্ত কাজ হয়েছে ২২ কোটি টাকার। আগামী বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।সরেজমিনে দেখা গেছে, সুরমা নদীর দুই পাড়ে সেতুর দুটি পাটাতনের আংশিক নির্মাণ করা হয়েছে। এই দুটি পাটাতনের ওপরের ঢালাইয়ের কাজ এখনো বাকি আছে। গত পাঁচ মাসে নদীর মাঝখানের চারটি পিলারের কাজ করা হয়েছে। পিলারগুলোর কাজ নদীর নিচ থেকে পানির ওপর পর্যন্ত করা হয়েছে। এখন ওপরের অংশে কাজ হবে। অথচ শুরুর সময় বলা হয়েছিল, দুই বছরের মধ্যেই কাজ শেষ হবে। কিন্তু ছয় বছরেও কাজ শেষ হয়নি।সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন জানান, গত পাঁচ মাসে কাজ অনেকখানি এগিয়েছে। নদীর পানির নিচের কাজ শেষ। এখন বরাদ্দ পাওয়া গেলে বর্ষা মৌসুমেও কাজ করা সম্ভব। টানা কাজ হলে এক বছরের মধ্যে পুরো সেতুর কাজ সম্পন্ন করা যাবে।সুনামগঞ্জ-৪ আসনের (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ মতিউর রহমান বলেন, ‘আমি একবার বরাদ্দ আনায় কিছু কাজ হয়েছে। আরও বরাদ্দ আনার চেষ্টা করছি। এ নিয়ে যোগাযোগমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আশা করি আমাদের সরকারের সময়েই সেতুর কাজ শেষ হবে।’