সুনামগঞ্জে সুরমায় আবারও নৌ-সংঘর্ষ, একজন নিহত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে গত বৃহস্পতিবার আবারও দুটি নৌযানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আরব আলী (৫৩)। একই নদীতে একই স্থানে ১৮ ডিসেম্বর দুটি নৌযানের সংঘর্ষে ৩৯ জন মারা গিয়েছিল।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী নৌকা জামালগঞ্জের সাচনা বাজার থেকে প্রায় ২০ জন যাত্রী নিয়ে গজারিয়া বাজারে যাচ্ছিল। পথে আলীপুর নামক স্থানে পৌঁছানোর পর সুরমা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী বলগেটের সঙ্গে যাত্রীবাহী নৌকাটির সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও আরব আলী নিখোঁজ হন। গতকাল শুক্রবার দুপুরে নদীতে আরব আলীর লাশ ভেসে ওঠার পর এলাকাবাসী সেটি উদ্ধার করে। তাঁর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর গ্রামে।এ ছাড়া আহত চারজনের মধ্যে আলীপুর গ্রামের জয়ধর আলী এবং একই উপজেলার গজারিয়া গ্রামের সাহাবুদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী আরও জানান, বলগেটে কোনো বাতি না থাকায় কুয়াশার কারণে সেটি যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা ঘটে।জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, একজনই নিখোঁজ ছিলেন। তাঁর লাশ উদ্ধর করা হয়েছে। বলগেটটি আটক করা হয়েছে।এর আগে ১৮ ডিসেম্বর সুরমা নদীর একই স্থানে বলগেটের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে ৩৯ জন নিহত হন। ওই ঘটনার তদন্তে গঠিত কমিটি গত বুধবার সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমানের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।