সুনামগঞ্জে সুরমায় মাছ ধরার দাবি, জেলেদের অবস্থান গ্রহণ
সুনামগঞ্জের সুরমা নদীর উন্মুক্ত অংশে মাছ ধরার দাবিতে গতকাল রোববার নদীর তীরবর্তী ১২টি গ্রামের জেলেরা স্থানীয় মৎস্য কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ কর্মসূচি পালন করেছেন। পরে তাঁরা জেলা মৎস্য কর্মকর্তার কাছে একটি তালিকা দেন। জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে সুরমা নদীর উন্মুক্ত অংশে মাছ ধরার জন্য নদীর তীরবর্তী গ্রামের জেলেদের একটি তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী জেলেরা তাঁদের নিজ নিজ এলাকায় নির্ধারিত ফি দিয়ে মাছ ধরেন। তবে এটা কোনো ইজারা নয়। নদীর বিভিন্ন অংশ ভাগ করে দেওয়া আছে, যেখানে ফি দিয়ে প্রকৃত জেলেরা মাছ ধরবেন।নদীর তীরের আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন জানান, প্রকৃত জেলেদের মাছ ধরার সুযোগ দেওয়ার কথা থাকলেও তাঁরা এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মাছ ধরছেন অমৎস্যজীবীরা। প্রকৃত জেলেদের মাছ ধরার সুযোগ দেওয়ার দাবিতেই ১২টি গ্রামের শতাধিক জেলে মৎস্য কার্যালয়ের সামনে দুই ঘণ্টা অবস্থান গ্রহণ কর্মসূচি পালন করেছেন। রফিক উদ্দিন বলেন, ‘আমরা নদীর তীরের ৩৫০ জন জেলের একটি তালিকা দিয়েছি। আমাদের বলা হয়েছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ প্রথম আলোকে বলেন, ‘জেলা কমিটির সিদ্ধান্তেই জেলেদের তালিকা করা হয়েছে। গতকাল কিছু জেলে এসেছিলেন। তবে অবস্থান গ্রহণের মতো কিছু হয়নি। আসলে জেলেদের নিজেদের মধ্যে সমস্যা আছে। তবু তালিকাটি আমরা যাচাই-বাছাই করে দেখব।’