সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবাদে পরীক্ষা বর্জন বিক্ষোভ
সুনামগঞ্জে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রীর বাবা একজন শ্রমিক। তাঁরা শহরের তেঘরিয়া এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় ফরিদ মিয়ার বখাটে ছেলে রেজা (২০) প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। গত মঙ্গলবার রাতে মেয়েটি প্রাকৃতিক কাজ সারতে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা রেজা তার গলায় চাকু ঠেকিয়ে পাশের একটি দোকানে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা রেজাকে আসামি করে থানায় মামলা করেছেন। বিষয়টি জানাজানি হলে স্কুলের শিক্ষার্থীরা গতকাল পরীক্ষা বর্জন করে আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, রেজাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।