সুনামগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এক নারীকে তাঁর স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। গুরুতর আহত ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার শিমুলবাক ইউনিয়নের আখতাপাড়া গ্রামের জাকিয়া বেগমের (২০) সঙ্গে ছয় মাস আগে দিরাই উপজেলার রফিনগর গ্রামের সাকির আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। কয়েক দিন আগে জাকিয়া বাবার বাড়ি বেড়াতে যান। তিন দিন আগে সাকির আলী স্ত্রীকে আনতে যান। জাকিয়া ফিরতে অসমঞ্চতি জানান। এতে ক্ষিপ্ত হন সাকির আলী। গতকাল বৃহস্পতিবার ভোরে সাকির আলী ওই বাড়িতে গিয়ে জাকিয়াকে দা দিয়ে এলোপাতাড়ি কোপান। এ সময় তাঁর বড় বোন সরুফা বেগম (২৫) এগিয়ে এলে তিনিও আহত হন। পরে আহত দুই বোনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাকিয়া মারা যান।
নিহত জাকিয়ার বাবা তৈয়ব আলী জানান, সাকির আলী কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে তাঁর দুই মেয়েকে দা দিয়ে কোপান। তাঁদেরও ছুরিকাঘাত করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন গতকাল বিকেলে জানান, নিহতের বাবা তৈয়ব আলী মামলা করেছেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।