সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার কাইতকোনা এলাকায় গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামের কল্পনা বেগম (২৫) ও তাঁর ভাই সেলিম মিয়া (৩০), মাহমুদপুর গ্রামের ছালিক মিয়া (৩৫) ও রনসি গ্রামের তাজ মিয়া (৪৫)। পুলিশ সূত্র জানায়, সিলেট থেকে একটি মালবাহী ট্রাক সুনামগঞ্জ আসছিল। একই সময় পাগলা থেকে একটি যাত্রীবাহী লেগুনা জাউয়াবাজার যাচ্ছিল। কাইতকোনা এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয় কৈতক পল্লি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর অন্য দুজন মারা যান। আহতদের মধ্যে সাতজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল আরোহী নিহত: বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি জানান, গতকাল বিয়ানীবাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল হান্নান (৪৫)। তিনি মৌলভীবাজারের বড়লেখাার বাসিন্দা।