সুনামগঞ্জে হচ্ছে বাউলসম্রাট চত্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-সুনামগঞ্জ সড়কের সঙ্গে মিলিত হয়েছে সুনামগঞ্জ জেলার ভাটি এলাকাখ্যাত দিরাই-শাল্লার সংযোগ সড়ক। বাউলসম্রাট শাহ আবদুল করিম তাঁর জীবদ্দশায় কোথাও যেতে সদলবলে অপেক্ষা করতেন ওই সড়কের মদনপুর এলাকায়। বাউলসম্রাটের সেই যাত্রাপথের স্মৃতি রক্ষার্থে মদনপুরে নির্মিত হচ্ছে ‘বাউলসম্রাট শাহ আবদুল করিম চত্বর’। সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে নির্মিতব্য এ চত্বরে একটি দৃষ্টিনন্দন বাউলসংস্কৃতির স্মারক ভাস্কর্যের নকশা প্রস্তুত করা হয়েছে।জেলা পরিষদ সূত্র জানায়, শাহ আবদুল করিমের গান বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানের বাংলা ভাষাভাষী মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রয়াত এই বাউলের জেলা সুনামগঞ্জে প্রথমবারের মতো তাঁর স্মৃতি রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সুনামগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের কাছে জায়গা বরাদ্দ নেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর বাউলসম্রাটের তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগের দিন ভাস্কর্যের নকশা পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। নকশার অনুমোদন শেষেই কাজ শুরু হবে এবং আগামী ডিসেম্বর মাস নাগাদ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।জানা গেছে, প্রস্তাবিত বাউলসম্রাট শাহ আবদুল করিম চত্বরের নকশা করেছেন স্টেনেক্স কোম্পানির স্থপতি মোহাম্মদ মনিরুজ্জামান। সম্পূর্ণ ইস্পাত দিয়ে ভাস্কর্যটি নির্মাণ করা হবে। ভাস্কর্যে দুজন বাউলকে গেরুয়া পোশাক পরে দোতারা ও বাঁশি বাজিয়ে গান গাইতে দেখা যাবে। গোলাকৃতির প্রায় ৩০ ফুট জায়গার ওপর এটি স্থাপন করা হবে। চত্বরসহ ভাস্কর্য স্থাপনের ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ লাখ টাকা। সুনামগঞ্জের জেলা পরিষদের প্রশাসক এম এনামুল কবির প্রথম আলোকে বলেন, ‘বাউলসম্রাট শাহ আবদুল করিমের নামে সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই উপজেলায় প্রবেশের রাস্তা মদনপুর এলাকায় চত্বরটি নির্মাণ করা হবে। এটির নকশা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শিগগিরই এর কাজ শুরু হয়ে যাবে।’চত্বর নির্মাণ হচ্ছে শুনে বাউলসম্রাটের একমাত্র ছেলে শাহ নূরজালাল বলেন, ‘আমার বাবার স্মৃতি রক্ষার্থে সরকারি কিংবা বেসরকারিভাবে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রথমবারের মতো জেলা পরিষদ এ উদ্যোগ নেওয়ায় পরিবারের পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’ সিলেটে বাউলসম্রাটের ঘনিষ্ঠজন এবং কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বলেন, ‘জেলা পরিষদের উদ্যোগে বাউলসম্রাটের নামে চত্বর নির্মাণের বিষয়টি অবশ্যই প্রশংসনীয়।’