সুনামগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে একটি হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রণয় কুমার দাশ এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবদুর রহিম, এরশাদ মিয়া, জুলহাস, এমরান মিয়া ও মহরম আলী। তাঁদের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার মোদেরগাঁও গ্রামে। এঁদের মধ্যে আবদুর রহিম, এরশাদ মিয়া ও জুলহাস পলাতক। মামলার অন্য ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ী গ্রামের বাসিন্দা আঞ্জু মিয়ার সঙ্গে আসামিদের পূর্ববিরোধ ছিল। ২০০৬ সালের ১৫ নভেম্বর সকালে তিনি বাড়িতে ছিলেন। এ সময় আসামিরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই আঞ্জু মিয়া মারা যান। ওই দিনই আঞ্জু মিয়ার ছেলে নজরুল ইসলাম তাহিরপুর থানায় হত্যা মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আজ আদালত রায় দেন।
সুনামগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সোহেল আহমদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।