সুনামগঞ্জে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রণয় কুমার দাশ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলার তাহিরপুর উপজেলার মোদেরগাঁও গ্রামের আবদুর রহিম, এরশাদ মিয়া, জুলহাস, এমরান মিয়া ও মহরম আলী। তাঁদের মধ্যে আবদুর রহিম, এরশাদ মিয়া ও জুলহাস পলাতক রয়েছেন। মামলার অপর ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলা ও আদালতের নথি সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার সুন্দরপাহাড়ী গ্রামের আঞ্জু মিয়ার সঙ্গে আসামিদের বিরোধ ছিল। ২০০৬ সালের ১৫ নভেম্বর সকালে আঞ্জু মিয়ার ওপর আসামিরা রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। ঘটনাস্থলেই আঞ্জু মিয়া মারা যান। ওই দিনই নিহতের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে গতকাল আদালত পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে খালাস দেন।
খালাস পাওয়া ব্যক্তিরা হলেন সুন্দরপাহাড়ী গ্রামের আবদুল সালাম, মধু মিয়া, আবদুল মান্নান, এয়াকুব আলী, আবুল কাশেম ও মোদেরগাঁও গ্রামের অলিউর রহমান বাক্কী।