সুনামগঞ্জে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ছাতক উপজেলার রহমতপুর গ্রামের আবদুস সালামকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ছাতক উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা আবদুস সোবহান (৪৬)। তিনি এখন কারাগারে আছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি রাতে আবদুস সালামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আবদুস সোবহান। গভীর রাতে তিনি আবদুস সালামের বাড়িতে এসে তাঁর পরিবারের লোকদের জানান, পথে একদল ডাকাত তাঁদের হামলা করেছে। তিনি প্রাণ নিয়ে দৌড়ে পালিয়ে এসেছেন। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন আবদুল সালামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরদিন ছাতক থানায় আবদুস সালামের ভাই আবদুর রউফ বাদী হয়ে আবদুস সোবহানসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আবদুস সোবহানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।