সুনামগঞ্জে হাওরে এখন 'আফাল'-এর তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলরাশির ওপর ভাসছে গ্রামগুলো। দূর থেকে মনে হয় ছোট ছোট দ্বীপ। হাওরের উথালপাতাল ঢেউ আছড়ে পড়ছে এসব গ্রামে। ভাঙছে বসতভিটা-ঘরবাড়ি। মানুষ অসহায়। সুনামগঞ্জের হাওরে পাহাড়ি ঢলে ফসলহানি ও বন্যার পর এখন এটা নতুন বিপদ। দমকা হাওয়ার সঙ্গে হাওরে ওঠা বড় বড় ঢেউকে স্থানীয় লোকজন বলে ‘আফাল’।

গত শুক্রবার দিনভর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর, টাঙ্গুয়ার হাওর, মাটিয়ান হাওর, মহালিয়া হাওর এবং জামালগঞ্জ উপজেলার হালির হাওরের ১২টি গ্রাম ঘুরে মানুষের দুর্দশার চিত্র দেখা গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব থেকে জানা যায়, ৯ আগস্ট থেকে শুরু এবারের আফালে এখন পর্যন্ত ১৯ হাজার ঘরবাড়ি ভেঙে পড়েছে।

ভরা বর্ষায় উত্তাল হাওরের আফাল মানুষের বসতভিটায় হানা দেয়। ভেঙে চুরমার করে সব। তাই প্রতিবছর বোরো ধান গোলায় তুলেই আফাল থেকে বসতভিটা রক্ষায় চারপাশে নিরাপত্তাবেষ্টনী দেয় মানুষ। বাঁশ, তার, বস্তা, বন দিয়ে আড় দিয়ে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এতে খরচ পড়ে বেশ। কিন্তু এবার হাওরে ফসলহানির পর কৃষকের হাত শূন্য। তাই আফালের তাণ্ডব মোকাবিলায় সে কাজটি অনেকেই ঠিকমতো করতে পারেননি। এ কারণে এবার ক্ষতি হচ্ছে বেশি।

বন্যার পানি ঘরে প্রবেশ করায় পরিবার-পরিজন নিয়ে গ্রামের স্কুলে আশ্রয় নিয়েছিলেন শেলেনা বেগম (৩৫)। এক সপ্তাহ পর শুক্রবার দুপুরে ঘরে ফিরেছেন। এসে দেখেন ঘরের দুই পাশের বেড়া ভাঙা। হাওরে বিলীন হয়ে গেছে বসতভিটার একাংশ। এখন কী করবেন ভেবে পাচ্ছেন না শেলেনা ও তাঁর স্বামী শামীম আহমদ।

শেলেনাদের বাড়ি জেলার শনির হাওর এলাকার মারালা গ্রামে। এই গ্রামের পানিবন্দী ১৭০টি পরিবার এখন আফাল থেকে বসতভিটা
আর ঘরবাড়ি রক্ষার যুদ্ধে লিপ্ত। তাহিরপুর উপজেলা সদর থেকে আট কিলোমিটার দক্ষিণে হাওরের মাঝামাঝি স্থানে মারালা গ্রামের অবস্থান। গ্রামের পশ্চিমে মহালিয়া ও পূর্বে বিশাল শনির হাওর।

মারালা গ্রামের শামসুজ্জামান (৬৫) ঘরের সামনে বুকসমান পানিতে নেমে আফালে ভেঙে যাওয়া আড় (বেড়া) রক্ষার কাজ করছিলেন। ঢেউয়ের ধাক্কায় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছিলেন না এই বৃদ্ধ। আফাল যেভাবে আছড়ে পড়ছে, মনে হয় এখনই বাঁশ-বনের দুর্বল আড় ভেঙে পড়বে। শামসুজ্জামান বলেন, শনির হাওরে নয় একর জমিতে বোরো লাগিয়েছিলেন এবার। এক ছটাক ধানও পাননি। অথচ এই ধানের ওপরই তাঁর সবকিছু নির্ভর করে। তারপরও চার হাজার টাকা ঋণ করে বসতভিটা রক্ষায় আড় দিয়েছিলেন।

পাশেই দেখা গেল, রাশেদা বেগমের ঘরটি আছে চরম ঝুঁকিতে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে। নিরাপত্তার জন্য দেওয়া আড় ভেঙে গেছে আগেই। রাশেদা বলেন, ‘একবেলা খাইলে দুই বেলা উপাস থাকি। ঘর বাঁচাইবার বেড়া দিতাম কি লা। হাওরে ঘর গেলে যেদিকে চউখ যায় সবাইরে নিয়া যাইমুগি।’

গ্রামের দক্ষিণ দিকের শেষ মাথায় কৃষক শাহ জামালের বাড়ি। ঘরের চারপাশে পানি। ছোট ছোট চার ছেলেমেয়ে নিয়ে ঘরে আছেন স্ত্রী নাজিরা বেগম। আফালের তাণ্ডবের কথা তুলে ধরে বলেন, ‘ভাই দিন ত এক লাগান যায়। রাইতে ডর লাগে বেশি। মনে হয় অউ বুঝি আফালে ঘর ভাঙল।’

একই অবস্থা গ্রামের কফিল উদ্দিন, জাহাঙ্গীর মিয়া, রহিম উদ্দিন, জিয়াউর রহমান, বিলাল মিয়া, শফিকুল ইসলামের। তাঁরা সবাই এপ্রিলের ফসলহানির কথা মনে করিয়ে দিয়ে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। গ্রামের বাসিন্দা শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিয়া হোসেন বলেন, ঘরে কোনো খাবার নেই। মানুষ কীভাবে বাঁচবে এই চিন্তায় অস্থির। সবার হাত খালি। এ অবস্থায় বাড়িঘর রক্ষা করবে কীভাবে। সরকারিভাবে এসব গ্রাম রক্ষার উদ্যোগ না নিলে ফসলহারা মানুষের পক্ষে কিছুই করা সম্ভব নয়।

টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি গ্রামের নবীনূর, খসরু মিয়া, আলমপুরের রফিক মিয়া বলেন, এই দুই গ্রামের ৬০-৭০টি পরিবারের সবার ঘরবাড়ি ঝুঁকিতে আছে। আফালে অনেকের ঘরবাড়ি ভেঙেছে। এখনো ভাঙছে।

তাহিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি প্রথম আলোকে বলেন, আফালে উপজেলার প্রায় তিন হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ঘরবাড়ি ভাঙছে। এখন আফাল নিয়ে মানুষ বেশি ভয়ে আছে। সরকারি সহযোগিতা ছাড়া হাওর এলাকার কৃষক বাঁচবেন না।

জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। গত এপ্রিলে পাহাড়ি ঢলে ও অতিবৃষ্টিতে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ফসল তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার। এর মধ্যে সরকারের বিশেষ ত্রাণ সহায়তা পাচ্ছে ১ লাখ ৬৮ হাজার পরিবার। প্রতি মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে পাচ্ছেন তাঁরা। এখনো ত্রাণ সহায়তার বাইরে আছে ১ লাখ ৫৭ হাজার ৯৯০টি পরিবার।