সুনামগঞ্জে হাওরে ধান কাটা শ্রমিকের সংকট
সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার শ্রমিক-সংকট দেখা দিয়েছে। এতে কৃষকেরা পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন। শ্রমিক-সংকটের কারণে কৃষকদের ধানের ভাগ দিতে হচ্ছে বেশি। অনেকেই আবার অতিরিক্ত মজুরি দিয়ে ধান কাটাচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এ বছর দুই লাখ ৩৩৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত লাখ ৬৩ হাজার মেট্রিক টন।কৃষকেরা জানান, বৈশাখের শুরুতেই সুনামগঞ্জের ১৩১টি হাওরে বোরো ধান কাটা শুরু হয়। কিন্তু এবার ধান কাটা শ্রমিকের সংকট থাকায় হাওরের ফসল গোলায় তুলতে সময় বেশি লাগতে পারে। পাশাপাশি আগাম বন্যার আশঙ্কা রয়েছে। গত রোববার থেকে বৃষ্টি শুরু হওয়ায় এ আশঙ্কা আরও বেড়ে গেছে।সদর উপজেলার ইছাগড়ি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আরব আলী জানান, তিনি গ্রামের পাশের দেখার হাওরে ১৫ একর জমিতে বোরো আবাদ করেছেন। সব ধানই এখন পেকে গেছে। কিন্তু শ্রমিক না পাওয়ায় কাটা শুরু করতে পারেননি। আগে ধান কাটার সময় হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকেরা দল বেঁধে সুনামগঞ্জে আসতেন। দিন দিন এটা কমে যাচ্ছে। এ কারণে সমস্যা হচ্ছে।বিশ্বম্ভরপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের কৃষক স্বপন কুমার বর্মণ জানান, উপজেলার খরচার হাওরে তাঁর সব জমি। অন্য বছর যাঁরা ধান কাটতেন, এবার তাঁরা আসেননি। তাই দৈনিক মজুরির ভিত্তিতে কিছু লোক দিয়ে তিনি জমির ধান কাটানো শুরু করেছেন।হাওরপারের কয়েকজন কৃষক জানান, এ বছর সংকটের কারণে শ্রমিকদের ভাগ দিতে হচ্ছে বেশি। আগে শ্রমিকদের মোট ধানের সাত বা আট ভাগের এক ভাগ দিলেই হতো। কিন্তু এবার পাঁচ থেকে ছয় ভাগের এক ভাগ দিতে হচ্ছে। কোনো কোনো জায়গায় শ্রমিকেরা চার ভাগের এক ভাগও দাবি করছেন। তার পরও শ্রমিক পাওয়া যাচ্ছে না। আর যাঁরা দৈনিক মজুরি ভিত্তিতে ধান কাটাচ্ছেন, তাঁদেরকে শ্রমিকপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা দিতে হচ্ছে। এতে জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সদর উপজেলার কানলার হাওরপারের সফেরগাঁও গ্রামের কৃষক আবদুল মালিক প্রথম আলোকে বলেন, ‘এখন তো দিনের ওপর (প্রকৃতি) বিশ্বাস নাই। মেঘ (বৃষ্টি) শুরু অই গিছে। যেকোনো সময় বইন্যা হইতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ধান কাটা শেষ করতে অইব।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ কার্যালয়ের উপরিচালক এস এম আফসারুজ্জামান প্রথম আলোকে জানান, শ্রমিক-সংকটের কথাটি অনেকেই বলছেন। তবে কৃষকদের সব প্রস্তুতিই থাকে। যদি মাস খানেক সময় পাওয়া যায়, তাহলে কোনো সমস্যা হবে না। কৃষকেরা সব ধান গোলায় তুলতে পারবেন।