সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও এক নারী। গতকাল রোববার বেলা একটার দিকে উপজেলার লোবার হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
নৌকাডুবির ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলার টেকেরেঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর স্ত্রী শিল্পী বেগম (২২) ও ছেলে জিসান মিয়া (৯)৷
পুলিশ জানায়, গতকাল সকালে তাহিরপুর উপজেলার টেকেরেঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী পরিবারের লোকজনকে নিয়ে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকায় করে বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা গ্রামে যাচ্ছিলেন। ওই গ্রামে তাঁদের এক আত্মীয় মারা যাওয়ায় তাঁরা সেখানে যাচ্ছিলেন। পথে হাওরের পাতারগাঁও এলাকায় এসে একটি সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জিসান মিয়া ও তার মা শিল্পী বেগম (২২) এবং শিল্পী বেগমের খালা আজিজুন নেসা (৭০) নিখোঁজ হন। পরে জিসান ও শিল্পী বেগমের লাশ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার এসআই কামরুল ইসলাম গতকাল বিকেল পাঁচটার দিকে জানান, টানা বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে চার ঘণ্টা চেষ্টা করেও নৌকাটি উদ্ধার করা যায়নি। নিখোঁজ ওই নারীর সন্ধানও মেলেনি।