সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণের নির্ধারিত সময়ের এক মাস পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
গতকাল শনিবার হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সহায়তা প্রদানের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ ক্ষোভ জানান তাঁরা।
বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ‘সুনামগঞ্জ হাওরবাসীর’ ব্যানারে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক দিন ধরে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে। এখনো হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি। অথচ ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব হাওরের বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের সময়সীমা শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। এতে হাওরের ফসল নিয়ে শঙ্কায় আছেন কৃষকেরা। এর মধ্যে গত ১ এপ্রিল কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে জেলায় প্রায় নয় হাজার হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বক্তারা দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাঁদের বিনা সুদে কৃষিঋণ প্রদান, কৃষিঋণ মওকুফ, রেশনিং ব্যবস্থা চালু, কৃষি উপকরণ প্রদানসহ হাওরের ফসল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, রাজনীতিক অর্ধেন্ধু ঘোষ চৌধুরী, সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, কবি ইকবাল কাগজী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান, সাংবাদিক পঙ্কজ দে, কলেজশিক্ষক মো. মশিউর রহমান, উন্নয়নকর্মী সালেহীন চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. রইসুজ্জামান প্রমুখ।