সুনামগঞ্জে ২১০টি কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্যান্য স্থানের মতো সুনামগঞ্জের তিনটি আসনে কাল রোববার ভোট গ্রহণ করা হবে। এসব এলাকায় ৪৩৬টি কেন্দ্রের মধ্যে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র না থাকলেও ২১০টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের পাঁচটি আসনের মধ্যে সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা), সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) এবং সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচন হচ্ছে। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে মোট ভোটার তিন লাখ ৯৮৬ জন এবং কেন্দ্র আছে ১৪৯টি; সুনামগঞ্জ-৩ আসনে মোট ভোটার দুই লাখ ৫৮ হাজার ৩৯ জন এবং কেন্দ্র আছে ১৩৬টি এবং সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৮৭৭ জন এবং কেন্দ্র আছে ১৫১টি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণকালে আট প্লাটুন বিজিবি, ৫০ জন আর্মড পুলিশসহ এক হাজার পুলিশ সদস্য ও প্রায় পাঁচ হাজার আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। প্রয়োজনে র‌্যাব ও সেনাবাহিনীও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা দেবে।