সুনামগঞ্জে ৪৬ জনের যৌতুকবিহীন বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করতে আসা তরুণেরা সবাই দিনমজুর ও কৃষিজীবী৷ কেউ নদী থেকে বালু-পাথর তোলেন, কেউ করেন কৃষিকাজ৷ বেশির ভাগেরই দারিদ্র্যের কারণে বিয়ে করা সম্ভব হচ্ছে না৷ আবার কারও কারও অনুষ্ঠান করে বিয়ে করার মতো অভিভাবক নেই কিংবা রয়েছে অন্য সমস্যা৷ সুনামগঞ্জের এ রকম ২৩ তরুণ গত শুক্রবার ২৩ জন তরুণীকে যৌতুক ছাড়া আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন৷
সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের হজরত আবু বাকার সিদ্দিক (রহ.) মাদ্রাসার এতিমখানা মাঠে এই গণবিয়ে হয়। মাদ্রাসার পক্ষ থেকে এই বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, এলাকাবাসী ও বরযাত্রীদের জন্য ছিল দুপুরে খাওয়ার ব্যবস্থা৷ গণবিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের শ্রমিক সজিব মিয়ার (২৪) সঙ্গে বিয়ে হয় বালাকান্দা গ্রামের নূর হোসেনের মেয়ে সাফিয়া খাতুনের (২০)। সজিব মিয়া বলেন, ‘সংসারে অভাবের খারণে (কারণে) বিয়ার চিন্তা মাথাত আছিল না। পরে এলাকার মানুষই মনে হয় হুজুররে বিষয়টা জানাইছে৷ পরে উনিই সব ব্যবস্থা করছেন৷’
মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আজিজুল হক বলেন, ‘এলাকার ধনাঢ্য ও প্রবাসী সহৃদয় মানুষের সহায়তায় প্রতিবছরই এলাকায় এ রকম গণবিয়ের আয়োজন করা হয়। এতে দরিদ্র ও দুস্থ ছেলেমেয়েদের যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়৷’
আয়োজক সূত্রে জানা যায়, পাঁচ বছর ধরে এলাকায় এই গণবিয়ের আয়োজন করা হচ্ছে৷ জেলার বিভিন্ন স্থানের হতদরিদ্র পরিবার থেকে পাত্র-পাত্রী খঁুজে বের করে পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। গত শুক্রবারের বিয়েতে নবদম্পতিদের সংসারের প্রাথমিক ব্যয় নির্বাহে পাঁচ হাজার টাকা, বিছানাপত্র ও প্রয়োজনীয় আসবাব দেওয়া হয়৷