সুনামগঞ্জে 'অবৈধ' গরুর হাট নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নে দুটি বাজারে গরুর হাট বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার শ্রীমতী বাজার ও শাখাইতি বাজারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রশাসন বলছে, দুটি গরুর হাটই অবৈধ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার শ্রীমতী বাজার ও শাখাইতি বাজারে গরুর হাট বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে মামলাও আছে। গতকাল সকালে শ্রীমতী বাজারে গরু নিয়ে আসতে বাধা দেয় শাখাইতি বাজারের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে জাবেদ আলী (৪৫), আজাদ মিয়া (৩৫), আনজব আলী (৪০), দুলন মিয়া (২৮), ছইফুর ইসলাম (২৬), ছমির উদ্দিন (২৫), লুৎফুর রহমান (৫০) ও রুমন মিয়াকে (৩৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শ্রীমতী বাজারের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জানান, তাঁদের বাজারে প্রতিবছরই গরুর হাট বসে। গত বছর হঠাৎ করে শাখাইতি বাজারে কিছু লোক গরুর হাট বসানোর চেষ্টা করেন। এবারও তাঁরা শাখাইতি বাজারে গরুর হাট বাসিয়েছে। শ্রীমতী বাজারে আসতে হলে শাখাইতি বাজার হয়ে আসতে হয়। এতে ওই লোকজন বাধা দেন। তিনি দাবি করেন, তাঁদের হাটটি বৈধ। অপর পক্ষের জামাল উদ্দিন দাবি করেন, স্থানীয় সাংসদের অনুমতি নিয়েই তাঁরা শাখাইতি বাজারে গরুর হাট বসিয়েছেন। গতকাল শ্রীমতী বাজারের লোকজন তাঁদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত আছে।’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহসিনা বেগম জানান, এই দুটি বাজারের কোনোটিতেই গরুর হাট বসানোর অনুমতি নেই।