সুনামগঞ্জে ‘জুবিলিয়ান’ উৎসব শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসব আজ শুক্রবার শুরু হচ্ছে। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন হবে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসব উদ্যাপন কমিটি এক সংবাদ সম্মেলনে জানায়, উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাবেক পররাষ্ট্রসচিব ফারুক চৌধুরী। উদ্বোধনের পর ১২৫ বছর পূর্তি উৎসবকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। ইতিমধ্যে দেশে-বিদেশে থাকা বিদ্যালয়ের তিন সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী তাঁদের নাম নিবন্ধন করেছেন। যাঁরা জেলার বাইরে অবস্থান করেন, তাঁদের অনেকেই এসেছেন উৎসবে যোগ দিতে। দুই দিনের উৎসবে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণা, বিদ্যালয়ের যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তাঁদের সংবর্ধনা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র্যা ফল ড্রসহ নানা আয়োজন রয়েছে।উৎসবের প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে ফরিদা পারভিন, বিশ্বজিৎ রায়, মরিয়ম বেগম; দ্বিতীয় দিন সাবিনা ইয়াসমিন, সেলিম চৌধুরী, ফকির সাহাবুদ্দীন ও ব্যান্ড দল লালনগীতি পরিবেশন করবে। উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব মুক্তিযোদ্ধা মতিউর রহমান বলেন, ‘শুধু জুবিলিয়ান নয়, শহরজুড়ে সব মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। দীর্ঘ এক বছরের চেষ্টায় আমরা এই উৎসবের আয়োজন করেছি। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।’পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে পৌর মেয়র আয়ূব বখত জগলুল, কমিটির সদস্য মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু, আ ত ম সালেহ, রোকেশ লেইছ, সাংবাদিক পীর হাবিবুর রহমান, সুখেন্দু সেন, আ ত ম মিসবাহ, পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।