সুনামগঞ্জে 'নীরব' জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে ভোটের মাঠে ‘নীরব’ ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী। বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটে থাকলেও এখানে বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেই জামায়াত। এখনো পর্যন্ত নির্বাচনী মাঠে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে সংগঠনের নেতারা দাবি করছেন, তাঁরা প্রকাশ্যে না থাকলেও জোটের প্রার্থীদের সমর্থনে গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে কাজ করছেন।

সুনামগঞ্জ জেলায় আসন রয়েছে পাঁচটি। এই পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩২ জন প্রার্থী। স্বতন্ত্র একজন ছাড়া অন্য সবাই বিভিন্ন দলের। তবে কোনো আসনেই জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই। ভোটের মাঠে নেই দলটির প্রকাশ্য কোনো তৎপরতা। বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোটে থাকা দলটি সুনামগঞ্জের নির্বাচনী মাঠে রয়েছে ‘নীরব’ ভূমিকায়।

দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ১১টি উপজেলার মধ্যে জামায়াতে ইসলামী সাংগঠনিক অবস্থা তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায়। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে সুনামগঞ্জ-৫ আসন গঠিত। এই দুই উপজেলায় জামায়াতের প্রায় ৫০ হাজার ভোট রয়েছে বলে দাবি তাদের। দোয়ারাবাজারে ২০০৮ সালের সংসদ নির্বাচনে জামায়াতের এক নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় দলের দুই প্রার্থী ২০ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। তবে এবার এই আসনে নির্বাচনী মাঠে প্রকাশ্যে দলটির নেতা-কর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে সংগঠনের নেতারা বলছেন, তাঁরা যেহেতু বিএনপির নেতৃত্বাধীন জোটে আছেন, তাই জোটের প্রার্থীর পক্ষেই আছেন এবং তাঁদের মতো করে কাজ করছেন।

সুনামগঞ্জ-৫ আসন ছাড়া অন্য আসনগুলোতে জামায়াতের তেমন কোনো প্রভাব নেই। এসব আসনেও বিএনপির প্রার্থীদের সঙ্গে গণসংযোগ কিংবা প্রচারণায় প্রকাশ্যে নেই দলটির নেতা-কর্মীরা। সুনামগঞ্জ-৪ আসনেও (সদর ও বিশ্বম্ভরপুর) একই অবস্থা। জেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আসলে নানা কারণে জামায়াত নির্বাচনী কাজে প্রকাশ্যে আমাদের সঙ্গে নেই। তবে তাদের সব ভোটই ধানের শীষে পড়বে, এটা তো নিশ্চিত। তাই আমরাও তাদের নিয়ে টানাটানি করছি না।’

জামায়াতের সুনামগঞ্জ জেলা শাখা সূত্রে জানা গেছে, গত এক মাসে জেলায় তাদের ৩৮ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে কারাগারে আছেন ১৮ জন। অন্যরা জামিন পেয়েছেন। পুলিশ তাদের নেতা-কর্মীদের বেছে বেছে আটক করছে। নানাভাবে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। মূলত হয়রানি ও গ্রেপ্তার এড়াতেই তাদের তৎপরতা কম।

 সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ বলেন, ‘সুনামগঞ্জে আমরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে ২০–দলীয় জোটের প্রার্থীদের পক্ষে কাজ করছি। আমরা অনেকটা নীরব। এরপরও আমাদের নেতা-কর্মীদের বেছে বেছে আটক করা হচ্ছে। নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো ঝামেলা চাই না, শান্তিপূর্ণ নির্বাচন চাই।’