সুনামগঞ্জের আদালতে মুফতি হান্নান, ২১ এপ্রিল অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের জনসভায় বোমা বিস্ফোরণের ঘটনায় হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানসহ সাত জঙ্গিকে গতকাল সোমবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। আদালত ২১ এপ্রিল মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেন।২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে আওয়ামী লীগের জনসভায় ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই দলীয় কর্মী নিহত এবং ৫০ জন আহত হয়। ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। মামলার অন্য আসামিরা হলেন মুফতি হান্নানের ভাই মফিজুল ওরফে মহিবুল্লা, মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল, হাফেজ নাইম, শরীফ শাহেদুল আলম ওরফে রিপন, দেলোয়ার হোসেন ও নাজমুল হক।আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ের ১২টার দিকে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে মুফতি হান্নান ও অন্য আসামিদের হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মুফতি হান্নান বলেন, ‘আমাকে ফাঁসি দিয়ে কোনো লাভ হবে না। যারা দেশের ভেতরে ১০ ট্রাক অস্ত্রের চালান এনেছিল, তারাই আর্জেস বোমা এনেছে। তাদের ভালোভাবে জিজ্ঞাসাবাদ করুন। সব বোমার রহস্য বেরিয়ে আসবে।’ সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মজিদ জানান, দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় ওই বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা (একটি বিস্ফোরক দ্রব্য আইনে, অন্যটি হত্যা মামলা) হয়। প্রথম মামলাটি সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়েছে। দ্বিতীয় মামলাটির জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ গঠন হবে। তবে এটিও দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হবে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।