সুনামগঞ্জের ডলুরায় নতুন শুল্ক স্টেশন চালুর উদ্যোগ
সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা এলাকায় আরেকটি নতুন শুল্ক স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ডলুরা এলাকায় গতকাল শুক্রবার বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা মতবিনিময় করেছেন। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় দুই দেশের ব্যবসায়ীরা ডলুরা এলাকা পরিদর্শন শেষে মতবিনিমিয় করেন। এতে জেলা প্রশাসন, বিজিবি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনবিআরের চেয়ারম্যান।
এ ছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক বেলাল উদ্দিন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি খায়রুল হুদা, ভারতের ব্যবসায়ী প্রতিনিধি মহেশ কুমার জালান প্রমুখ।
এনবিআরের চেয়ারম্যান বলেন, জায়গাটি শুল্ক স্টেশন স্থাপনের উপযোগী। ইতিমধ্যে এ বিষয়ে বেশকিছু কাজও হয়েছে। দুই দেশের ব্যবসায়ীরা শুল্ক স্টেশন চালুর বিষয়ে আন্তরিক। আশা করি, এক সপ্তাহের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে। এখানে শুল্ক স্টেশন হলে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন।