সুনামগঞ্জের ডিসিসহ চার কর্মকর্তাকে ব্যাখ্যা জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দুপাজান চলতি নদী থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধে আদালতের নির্দেশনা অনুসরণের বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ চার কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক, সিলেট বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে ওই বিষয়ে তাঁদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।
একই সঙ্গে পুলিশ প্রশাসনের সহায়তায় ওই নদী থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধ করে আদালতে প্রতিবেদন দাখিল করতে চার কর্মকর্তাকে বলা হয়েছে। আগামী ২৬ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত বছরের ২২ জুলাই হাইকোর্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুপাজান চলতি নদী থেকে বালু ও পাথর উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দেন। তবে আদালতের নির্দেশনা অনুসরণ না করার অভিযোগে গত বুধবার বেলা একটি আবেদন করে। আবেদনের ওপর আজ শুনানি হয়। আদালতে বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
পরে আদেশের বিষয়টি জানিয়ে ইকবাল কবির প্রথম আলোকে বলেন, একই সঙ্গে আদালত ওই কাজ তদারকি করতে পরিবেশসচিব, ভূমিসচিব, পানিসম্পদ সচিব, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন।