সুনামগঞ্জের ডিসিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ চার কর্মকর্তার প্রতি রুল জারি করেছেন আদালত। আদালতের নির্দেশনা অনুসরণ করার বিষয়ে তাঁদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।

সুনামগঞ্জরে জেলা প্রশাসক মো. শেখ রফিকুল ইসলাম, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক এহসানুল বারী, সিলেট বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক সালাউদ্দিন চৌধুরী ও বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. আবদুল্লাহ আল মাহমুদকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই আবেদনটি করে।
বেলার করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ জুলাই হাইকোর্ট বিশ্বম্ভরপুর উপজেলার দুপাজান চলতি নদী থেকে বালু ও পাথর উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দেন। তবে ওই নির্দেশনা বাস্তবায়ন না করার অভিযোগে বেলা গতকাল আবেদনটি করে। এর পরিপ্রেক্ষিতে আজ আদালত ওই নদী থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধের বিষয়ে আগামী ২৬ অক্টোবর ওই চারজনকে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
আদালতে শুনানি করেন আইনজীবী ইকবাল কবীর। তিনি বলেন, কাজটি তদারকি করতে পরিবেশসচিব, ভূমিসচিব, পানিসম্পদ সচিব, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সচিব, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দিয়েছেন।