সুনামগঞ্জের তিনটি আসনে আ.লীগের বিদ্রোহী চার
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল সোমবার নিজ নিজ এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এসব আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ (ইনু) ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনে গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৭ জন প্রার্থী। এর মধ্যে তিনটি আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নূরুল হুদাসহ আওয়ামী লীগের চারজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংসদ মোয়াজ্জেম হোসেন।
বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নণপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক। এখানে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসাদ উল্লাহ সরকার এবং জাতীয় পার্টি (জেপি) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বদরুদ্দোজা আহমদ। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগ থেকে সুরঞ্জিত সেনগুপ্ত ও জাতীয় পার্টি থেকে জামিল চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংসদ এম এ মান্নান। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। এই আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফয়জুর রহমান চৌধুরী। সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা অওয়ামী লীগের সভাপতি সাংসদ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নূরুল হুদা। জাতীয় পার্টি থেকে যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আইনজীবী পীর ফজলুর রহমান মিসবাহ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেরদৌসি সিদ্দিকা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে গতকাল শহরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আওয়ামী লীগ থেকে মুহিবুর রহমান, জাতীয় পার্টি থেকে সাবেক সাংসদ আবদুল মজিদ, বিএনএফ থেকে আশরাফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিলেট: জেলার ছয়টি নির্বাচনী আসনে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দুটো আসনে জাতীয় পার্টির একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সিলেট-১ (মহানগর-সদর) আসনে আওয়ামী লীগ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় পার্টি থেকে বাবরুল হোসেন, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) থেকে ইফতেখার আহমদ মনোনয়নপত্র দাখিল করেন।
সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টি থেকে ইয়াহিয়া চৌধুরী ও স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশ্বনাথ উপজেলা পরিষদের পদত্যাগ করা চেয়ারম্যান মুহিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা) আসনে আওয়ামী লীগের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, জাতীয় পার্টি থেকে উসমান আলী ও স্বতন্ত্র হিসেবে হক ইম্মামুল হক মনোনয়নপত্র দাখিল করেন।
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে আওয়ামী লীগের সাংসদ ইমরান আহমদ, বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ ও জাতীয় পার্টির আহমদ তাজউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগ থেকে মাসুকউদ্দিন আহমদ, জাতীয় পার্টি থেকে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদ ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসেবে সেলিমউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন। সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টি থেকে সেলিমউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।
ময়মনসিংহ: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত তিনজন প্রার্থীও রয়েছেন। দলটি থেকে মনোনয়ন পাওয়া বর্তমান সাংসদ মজিবুর রহমান ফকির ছাড়াও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহামেঞ্চদ খান পাঠান এবং মোজ্জামেন হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে জাতীয় পার্টি থেকে ফখরুল ইমাম, ন্যাপ থেকে আবদুল মতিন এবং নাজনীন আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।