সুনামগঞ্জের দুই আসনে আ.লীগ-আ.লীগ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের পাঁচটি আসনের দুটিতে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে লড়বেন দলেরই দুই নেতা। নৌকার বিরুদ্ধে তাঁরা লড়বেন ফুটবল প্রতীক নিয়ে। একটিতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনএফের প্রার্থী।
এ ছাড়া দুটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ফাঁকা মাঠে ‘জয়’ পেয়েছেন। সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ একক প্রার্থী হিসেবে ‘জয়’ পেয়েছেন।
গত শুক্রবার সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদা ওরফে মুকুট মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
সুনামগঞ্জ-২ আসনে সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া প্রার্থী ছিলেন জাতীয় পার্টির জামিল চৌধুরী। তিনি আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন সাংসদ মোয়াজ্জেম হোসেন ওরফে রতন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক ওরফে সুহেল।
সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাংসদ এম এ মান্নান। এখানে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ আজাদ। সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) আওয়ামী লীগের সাংসদ মুহিবুর রহমান মানিক ও বিএনএফের প্রার্থী আশরাফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন ১৬ জন। শেষ পর্যন্ত দলের মনোনয়ন পান সাংসদ মোয়াজ্জেম হোসেন। এ ছাড়া এখানে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক, জাতীয় পার্টির আসাদুল্লাহ সরকার ও জাতীয় পার্টির (জেপি) বদরুদ্দোজা সুজা। পরে দুই দলের প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
সৈয়দ রফিক ১৯৯৬ সালে এখানে আওয়ামী লীগ থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সাংসদ আবদুস সামাদ আজাদ মারা গেলে এখানে উপনির্বাচনে সাংসদ হন এম এ মান্নান। তখন আজিজুস সামাদ আজাদ দলের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। এবারও দলের মনোনয়ন চেয়ে না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।