সুনামগঞ্জের পথে পণ্ডিত রামকানাই দাশের মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশের মরদেহ তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার পেড়ুয়া গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এই মরদেহ নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
এর আগে সকাল নয়টার দিকে রামকানাই দাশের মরদেহ ঢাকা থেকে সিলেট নগরের করেরপাড়া এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আত্মীয়স্বজন ও বিশিষ্টজনেরা তাঁর মরদেহে প্রতি শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সম্মিলিত নাট্য পরিষদের ব্যবস্থাপনায় তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতিকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টার দিকে পণ্ডিত রামকানাই দাশের ছেলে পিনু সেন দাশ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সিলেটবাসী বাবাকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনিও অনুরূপভাবে সিলেটের মাটি, মানুষ ও গানকে ভালোবাসতেন। এই অঞ্চলের লোকগান গেয়ে বাবা সুনাম অর্জন করেছিলেন। জীবদ্দশায় বাবা এই কথা সব সময় বলতেন।’
গতকাল শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে পণ্ডিত রামকানাই দাশ রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ২৭ আগস্ট তাঁকে চিকিত্সার জন্য সিলেট থেকে এনে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ আগস্ট তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।