জলমহাল ইজারায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও সংস্থাপন মন্ত্রণালয়ের একজন উপসচিবসহ চারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ মো. জসিম উদ্দিন গতকাল রোববার এ আদেশ দেন।যাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে তাঁরা হলেন—সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. মনোয়ার হোসেন ও সুনামগঞ্জের সাবেক আরডিসি (বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব) মো. মনির হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নিম্নমান সহকারী (বর্তমানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কর্মরত) নূরজাহান খানম ও এসএ নাজির (বর্তমানে ছাতক উপজেলায় কর্মরত) অরুণ অধিকারী। আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ সেপ্টেম্বর মালেক হোসেন পীর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আবুয়া নদী জলমহাল ইজারায় অনিয়মের অভিযোগে সিনিয়র স্পেশাল জজ আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত এর মধ্যে সাতজনের অপরাধ আমলে নেন। পরে আদালত তাঁদের বিরুদ্ধে সমন জারি করেন। বিবাদীদের মধ্যে জেলা সমবায় কর্মকর্তা (বর্তমানে ঢাকায় কর্মরত) প্রতুল কুমার নাগ, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা (বর্তমানে হবিগঞ্জে কর্মরত) বেলাল হোসেন ও দরপত্রদাতা বিশ্বেশ্বর পুরকায়স্থ জামিন পান। সাবেক জেলা প্রশাসকসহ অপর চারজন বিবাদীর বিরুদ্ধে গত ১০ মে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আবুয়া নদীর জলমহালটির ইজারা বিশ্বেশ্বর পুরকায়স্থকে দেওয়ার জন্য নূরজাহান খানম দরপত্রে টাকার অঙ্ক পরিবর্তন করেন। বিশ্বেশ্বর পুরকায়স্থ নূরজাহান খানমের ছেলের গৃহশিক্ষক ছিলেন। মামলার বাদী মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর বলেন, ‘এখানে আমার কোনো স্বার্থ নেই। আমি দরপত্রেও অংশ নিইনি। অনিয়মের বিষয়টি জেনে জনস্বার্থে মামলা করেছি।’