সুনামগঞ্জের সাবেক ডিসিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলমহাল ইজারায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলায় সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসকসহ (ডিসি) তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১০ মে সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ মো. জসিম উদ্দিন এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ১২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আবুয়া নদী জলমহাল ইজারায় অনিয়মের অভিযোগ এনে সিনিয়র স্পেশাল জজ আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে সাতজনের অপরাধ আমলে নেওয়া হয়। তাঁরা হলেন সুনামগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মো. মনোয়ার হোসেন (বর্তমানে অবসরে আছেন), জেলা প্রশাসকের কার্যালয়ের নিম্নমান সহকারী নূরজাহান খানম (বর্তমানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কর্মরত), এসএ নাজির অরুণ অধিকারী (বর্তমানে ছাতক উপজেলায় কর্মরত), জেলা সমবায় কর্মকর্তা প্রতুল কুমার সাহা (বর্তমানে ঢাকায় কর্মরত), জেলা মৎস্য জরিপ কর্মকর্তা বেলাল হোসেন (বর্তমানে হবিগঞ্জে কর্মরত), আরডিসি মনির হোসেন (বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব) ও দরপত্রদাতা বিশ্বেশ্বর পুরকায়স্থ। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, আবুয়া নদী জলমহালটির ইজারা বিশ্বেশ্বর পুরকায়স্থকে দেওয়ার জন্য নুরজাহান খানম দরপত্রে টাকার অঙ্ক পরিবর্তন করেন। বিশ্বেশ্বর পুরকায়স্থ নুরজাহান খানমের ছেলের গৃহশিক্ষক ছিলেন। ইজারা প্রদানে অনিয়মের ঘটনায় মনোয়ার হোসেন, মনির হোসেনসহ অন্যরা জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়। বাদী মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর বলেন, ‘এখানে আমার কোনো স্বার্থ নেই। আমি দরপত্রেও অংশ নেইনি। কিন্তু এই অনিয়মের বিষয়টি জেনে জনস্বার্থে মামলা করেছি।’মামলার বাদী পক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বলেন, ‘যেকোনো উৎসাহী ব্যক্তি রাষ্ট্রীয় দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে প্রতিকার চেয়ে প্রার্থী হতে পারেন। এতে কোনো বাধা নেই। এই মামলা তার একটা উদাহরণ।’