সুনামগঞ্জের সুরমা নদীতে ফেরি চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগব্যবস্থা বেশ উন্নত। কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ সমাপ্ত না হওয়ায় শহরের সঙ্গে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে না। তাই জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য এ পথে যাতায়াতকারী লোকজন সুরমা নদীতে নির্মাণাধীন সেতুর পাশে মল্লিকপুরে ফেরি চালুর দাবি জানিয়েছেন।সড়ক পথে তাহিরপুর থেকে সুনামগঞ্জের দূরত্ব ২৭ কিলোমিটার। এই সড়কটির মাঝখানে বিশ্বম্ভরপুর উপজেলা সদর অবস্থিত। তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলা ছাড়াও ধরমপাশা ও জামালগঞ্জ উপজেলার একাংশের লোকজনের যাতায়াতের একমাত্র সড়ক এটি। তাই শহরের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এলাকাবাসী মল্লিকপুরে ফেরি চালুর দাবি জানিয়েছে। এ দাবিতে বিভাগীয় শহর সিলেট এবং তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা সদরে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হলেও ফেরি চালুর দাবিটি বাস্তবায়ন হচ্ছে না।তাহিরপুর উপজেলা পরিষদ সূত্র জানায়, গত বছরের ১ অক্টোবর রক্তি নদীর ওপর নির্মিত আনোয়ারপুর সেতু চালুর মাধ্যমে তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু সুরমা নদীতে ফেরি না থাকায় জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই। এ ছাড়া তাহিরপুর উপজেলা সদরের সঙ্গে অভ্যন্তরীণ কিংবা বাইরের কোনো সড়কের সংযোগ না থাকায় এই সড়কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে আছে। এ কারণে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বৃহৎ এলাকার লোকজনের যাতায়াতে ভোগান্তি দূর হয়নি।সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ২০০৫ সালে সুনামগঞ্জের সুরমা নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়।সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এ পর্যন্ত সেতুটির প্রায় ৪৫ ভাগ কাজ সমাপ্ত হয়েছে।বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এহ্সানুজ্জামান খান বলেন, সুরমা নদীর ওপর ফেরি না থাকায় অ্যাম্বুলেন্স আসতে পারে না। তাই জটিল রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে নিয়ে যেতে কষ্ট হয়। তাহিরপুর উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ফেরি চালু না থাকায় প্রসূতি ও গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা শহরে কিংবা সিলেটে নিয়ে যেতে পথে পথে দুর্ভোগ পোহাতে হয়। সময়ও অনেক বেশি লাগে। সিলেটে অবস্থিত তাহিরপুর সমিতির সভাপতি পীযূষ পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা বলেন, এই দাবিতে সমিতির পক্ষ থেকে সিলেট ও তাহিরপুরে তাঁরা মানববন্ধন এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে জামালগঞ্জ সমিতি, ধর্মপাশা উন্নয়ন ফোরাম এবং মধ্যনগর থানা ছাত্রকল্যাণ পরিষদ অংশ নিয়েছিল।সুনামগঞ্জে অবস্থিত তাহিরপুর সমিতির সাধারণ সম্পাদক কে জি মানব তালুকদার বলেন, সুরমা নদীতে ফেরি না থাকায় এলাকাবাসীর অনেক কষ্ট হচ্ছে।সুনামগঞ্জের হাওরপাড়ের বাসিন্দাদের সংগঠন ‘আমরা হাওরবাসী’র সদস্য মেহেদী উজ্জ্বল বলেন, স্বাধীনতার ৪০ বছর পর হাওরবাসী পাকা সড়ক দেখলেও এর ব্যবহার করতে পারছে না সুরমা নদীতে ফেরি চালু না করায়।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সুরমা নদীতে ফেরি চালু করা প্রয়োজন। এতে করে সুনামগঞ্জের হাওরপাড়ের লোকজন যাতায়াতে সুবিধা পাবে এবং তাদের জীবন মানের উন্নয়ন ঘটবে। সুনামগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ বলেন, সবাই চায় নদীটিতে ফেরি চালু করতে। কিন্তু একমাত্র ফেরিটি মেরামতে পাঠানো হয়েছে। তাই শিগগিরই ফেরি চালুর সম্ভাবনা নেই।