সুনামগঞ্জের হাওরে চলছে কোনা জালে পোনা নিধন
সুনামগঞ্জের হাওরে নিষিদ্ধ কোনা জাল দিয়ে অবাধে মাছ শিকারের কারণে পোনা ধ্বংস হচ্ছে। এতে হাওরে মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কোনা জালের ব্যবহার বন্ধে অভিযান চালানো হলেও প্রয়োজনীয় লোকবলের অভাবসহ নানা কারণে তা নিয়মিত করা যাচ্ছে না।
জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, কোনা জাল নিষিদ্ধ কারেন্ট জালের চেয়েও বেশি ক্ষতিকর। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার হাওরগুলোতে কোনা জালের ব্যবহার বন্ধে অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি তিন দিনে ১০টি কোনা জাল জব্দ করে পোড়ানো হয়েছে।
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে দিনরাতে নিষিদ্ধ কোনা জাল দিয়ে অবাধে মাছ ধরছে হাওরপারের মানুষ। তাদের অনেকেই মৌসুমি মৎস্যজীবী। বর্ষার ছয় মাস তারা হাওরে মাছ ধরে। কোনা জালের ছিদ্র মশারির ছিদ্রের চেয়ে ছোট হওয়ায় মাছের একেবারে ছোট পোনাটিও উঠে আসে। এবার হাওরে পানি কম হওয়ায় জালে পোনা মাছ ধরা পড়ছে বেশি। পানি বেশি থাকলে মাছের পোনা ধরা পড়ে কম।
সম্প্রতি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার, কানলার; বিশ্বম্ভরপুর উপজেলার খরচা, আঙ্গারুলি; দক্ষিণ সুনামগঞ্জের সাংহাই, দেখার; তাহিরপুরের শনি ও জামালগঞ্জের হালি হাওর ঘুরে কোনা জালের ব্যাপক ব্যবহার দেখা গেছে। সদর উপজেলার দেখার হাওরে মাছ ধরছিলেন দিবাশ বর্মণ (৫০)। তিনি বলেন, ‘বর্ষার সুময় থাইকা বচ্ছরের বাকি ছয় মাস হামরার হাউরে অন্য কুনো কাজ নাই। এর লাগি আমরা মাছ দরি। এই জাল দিয়া পানির নিচত বন-গাছের কোনাতও যে মাছ তাকে (থাকে), ইটাও (সেটাও) দরা পড়ে। এর লাগি ওউ জালের নাম কুনা জাল।’
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই জালের ব্যবহার বন্ধের উদ্যোগ নিতে হবে। শুধু মৎস্য সপ্তাহে অভিযান চালিয়ে এভাবে মাছ মারা বন্ধ করা যাবে না।’
পরিবেশসম্মত জলমহাল ব্যবস্থাপনায় জাতীয় পুরস্কার পাওয়া সুনামগঞ্জের সৈয়দ মুহাম্মদ মনোয়ার বলেন, ‘এমনিতেই হাওরে দিন দিন মাছ কমছে। মাছের উৎপাদন বাড়াতে প্রশাসন, মৎস্য বিভাগ, জনপ্রতিনিধি ও জেলেদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে। তা না হলে এই অঞ্চলে মাছের সংকট দেখা দেবে।’
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সুলতান আহমদ বলেন, ‘হাওরে এই জাল এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা অভিযান চালাচ্ছি। কিন্তু প্রয়োজনীয় লোকবল না থাকায় অভিযানের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।’
জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘আমরা এই জালের ব্যবহার বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার বিষয়টি ভাবছি।’