সুনামগঞ্জের ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ ৮ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় ১৪ জওয়ানের বিরুদ্ধে আগামী ২৮ জুন অভিযোগ গঠিত হবে। গতকাল শনিবার সিলেট শহরের আখালিয়া এলাকায় বিডিআরের আঞ্চলিক সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের তারিখ ঘোষণা করা হয়।আদালত সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টায় প্রিজনভ্যানে করে মামলার আসামি ১৪ বিডিআর জওয়ানকে আদালতে হাজির করা হয়। এর আগে সকাল সাড়ে আটটায় বিশেষ আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম এজলাসে বসেন। এ সময় বিচারক প্যানেলের সদস্য লে. কর্নেল মো. আখতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম আদালতে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম ঠাকুর শুনানিতে অংশ নিয়ে ব্যাটালিয়নে গত বছরের ২৬ ফেব্রুয়ারির ঘটনার বিশদ বর্ণনা দেন। শুনানি শেষে ২৮ জুন অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করে ওই সময় পর্যন্ত আদালত মুলতবি করা হয়। আদালত ওই দিন ১৪ জন আসামিকে আদালতে হাজির করারও নির্দেশ দেন।