সুনামগঞ্জের ৯১ জন শিক্ষক তিন মাস ধরে বেতন পাচ্ছেন না
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯১ জন শিক্ষক তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। এ অবস্থায় চরম আর্থিক অনটনে পড়েছেন ওই শিক্ষকেরা। শিক্ষকদের ভাষ্যমতে, সরকারের দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২) আওতায় এসব শিক্ষকেরা পাঁচ বছর ধরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন। বেতনের ৬২ ভাগ প্রকল্প থেকে এবং ৩৮ ভাগ সরকারি কোষাগার থেকে দেওয়া হয়। গত জুন মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হয়। বর্তমানে তাঁদের বেতন-ভাতা রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। কিন্তু প্রকল্পের আওতায় জেলার সব শিক্ষক গত মে ও জুন মাসের বেতন পেলেও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৯১ জন শিক্ষক ওই দুই মাসের বেতন পাননি। প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে দেওয়া হলেও শিক্ষকেরা গতকাল মঙ্গলবার ৯ আগস্ট পর্যন্ত জুলাই মাসের বেতন পাননি। পরপর তিন মাসের বেতন না পেয়ে চরম আর্থিক অনটনে পড়েছেন শিক্ষকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, বেতন না হওয়ার পেছনে উপজেলা শিক্ষা কার্যালয়ের গাফিলতি আছে। সময়মতো বিল জমা দেওয়া হয়নি বলে বেতন হয়নি। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান বলেন, ‘আমি বেতনের জন্য বারবার লিখেছি। ৩০ জুনের মধ্যে বিলও দেওয়া আছে। কিন্তু বরাদ্দ না আসায় এখনো ওই শিক্ষকেরা দুই মাসের বেতন পাননি।’ জুলাই মাসের বেতন প্রসঙ্গে বজলুর রহমান বলেন, শিক্ষকদের চাকরি উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে কিছু জটিলতা তৈরি হওয়ায় জুলাই মাসের বেতন দেওয়া যায়নি।এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এসব শিক্ষক তাঁদের বকেয়া বেতন পাবেন।’এদিকে তাহিরপুর উপজেলায় পিইডিপি-২ প্রকল্পের আওতায় একইভাবে মে ও জুন মাসের বেতনের প্রকল্পের ৬২ ভাগ টাকা পাননি ৬৯ জন শিক্ষক। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা যায়নি। সহকারী শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি।