সুনামি মোকাবিলায় প্রয়োজন প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সুনামির জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু এ নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে তেমন কোনো প্রস্তুতি নেই। বেশির ভাগ মানুষ সুনামি ও এর ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কেও সচেতন নয়।
২০১৩ সালের ১৯ জুন বিশ্বব্যাংক বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে ‘টার্ন ডাউন দ্য হিট: ক্লাইমেট এক্সটিম রিজিওনাল ইমপ্যাক্ট অ্যান্ড কেস ফর রেজিলিয়ান্স’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশকে সবচেয়ে দুর্যোগপ্রবণ অঞ্চল বা হটস্পট হিসেবে উল্লেখ করে।
‘দি ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডিজাস্টার রিডাকশন’-এর তথ্য অনুযায়ী, বন্যার ঝুঁকিতে প্রথম, সুনামির ঝুঁকিতে তৃতীয় আর ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ।
দুর্যোগ বিশেষজ্ঞদের মতে, ২০০৪ সালে সুমাত্রা থেকে বাংলাদেশের ফাটল বরাবর একটি ভূমিকম্পের দরুন সৃষ্ট সুনামি প্রায় তিন ঘণ্টা পরে উপকূলে আছড়ে পড়েছিল। ফাটলটি এখনো সক্রিয় আছে। উপকূলে ৭১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ফল্ট এলাকায় ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি প্রায় চার মিটার (১৩ ফুট) উচ্চতায় আঘাত হানতে পারে। এ রকম হলে বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, খুলনা, বরিশাল ও সাতক্ষীরায় কয়েক শ কিলোমিটার সমুদ্র-উপকূলীয় অঞ্চল বিপর্যস্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত।
বিশেষজ্ঞরা আরও জানান, চট্টগ্রাম-কক্সবাজার উপকূলের সামান্য কিছুটা অংশে কিছু পাহাড় রয়েছে, যেটা সুনামির ঢেউয়ের তীব্রতা প্রাকৃতিকভাবেই প্রতিরোধের কাজ করতে পারবে। কিন্তু বরিশাল ও খুলনা উপকূলের সম্পূর্ণ অংশই অরক্ষিত। কারণ উপকূলজুড়ে তেমন কোনো শক্ত অবকাঠামোই নেই, যা সুনামির ঢেউ থেকে রক্ষা করতে পারবে।
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) প্রধান কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকার এর মধ্যে সুনামির বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ-সংক্রান্ত একটি নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২০১১ সালে দুবার ও চলতি বছরের ৯ সেপ্টেম্বর তিন দফায় সুনামির সতর্কতার মহড়া পরিচালনা করা হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি-বনায়ন বিভাগের ডিন আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘শ্বাসমূলীয় বন সুনামির ভয়াবহতা থেকে আমাদের সুরক্ষা দিতে সক্ষম। কারণ, এটা ঝোড়ো বাতাস ও উচ্চতর জলোচ্ছ্বাসকে প্রতিরোধ করতে সক্ষম। এ জন্য উপকূলের চরগুলোতে বেশি করে শ্বাসমূলীয় বনায়ন করা দরকার।’
একই বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ডিন আ ক ম মোস্তফা জামান বলেন, উপকূলের ৯০ ভাগ মানুষ সুনামির নাম শুনেনি। যাঁদের ঘরে টেলিভিশন আছে, তাঁরা কেউ কেউ ছবি দেখে এ বিষয়ে কিছুটা ধারণা পেয়েছেন। কিন্তু এ সংখ্যা খুব নগণ্য। উপকূলের দরিদ্র জনগোষ্ঠী ও কৃষি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত লোকজনকে ভবিষ্যৎ বিপদ থেকে বাঁচাতে এ বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া দরকার। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনায় সুনামিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় এনে ব্যাপকভাবে পরিবার এবং সমাজভিত্তিক প্রস্তুতিমূলক কার্যক্রম চালানো উচিত বলে তিনি মনে করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব ও সিপিপির পরিচালক (প্রশাসন) আবদুল আহাদ বলেন, ‘মহড়ার মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে কী ধরনের ঘাটতি আছে, তা যাচাই করা হচ্ছে। সুনামির সতর্কসংকেত প্রচারের ব্যবস্থার জন্য সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি সুনামির ঝুঁকি, মানচিত্র তৈরি ও অপসারণ মহড়া করতে হবে। আমরা এসব নিয়ে কাজ শুরু করেছি।’