সুনির্দিষ্ট অভিযোগ পেলে ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত হবে

বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করা হবে।
গতকাল বুধবার ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল হান্নান খান এসব তথ্য জানান।
মুক্তিযুদ্ধকালে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের আটজন, পটুয়াখালীর পাঁচজনসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। তাঁদের মধ্যে ময়মনসিংহের চারজন ও পটুয়াখালীর পাঁচজন কারাগারে আছেন। বাকি চার আসামি পলাতক। এ বিষয়ে জানাতে গতকাল তদন্ত সংস্থা সংবাদ সম্মেলন করে। এতে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক বলেন, ময়মনসিংহের তৎকালীন কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষকের বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। ওই শিক্ষকেরা তখন পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে। তার মধ্যে ওসমান ফারুকের নাম রয়েছে।
পরে আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, ওসমান ফারুকের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো তদন্ত শুরু হয়নি। অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ত থাকার কিছু তথ্য পাওয়া গেছে। ১৯৭১ সালে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
হান্নান খান বলেন, ‘আমাদের হাতে একটি কাগজ এসেছে। যেখানে কিছু শিক্ষকের নাম পাওয়া গেছে। তাঁর মধ্যে ওসমান ফারুকের নামও রয়েছে। তাঁরা স্বাধীনতাবিরোধী। কিন্তু কী কী অপরাধ করেছেন, তা উল্লেখ নেই। তাঁরা কোথায় কোথায় যেতেন, কার সঙ্গে ওঠবস করতেন এবং এক ব্রিগেডিয়ারের সঙ্গে খাওয়াদাওয়া করতেন ইত্যাদি বিষয় সেখানে উল্লেখ রয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ওসমান ফারুক গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি টেলিভিশন সংবাদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। তিনি অত্যন্ত আশ্চর্য ও বিস্মিত হয়েছেন। এই অভিযোগের কোনো সত্যতা নেই। রাজনৈতিক কারণে তাঁকে হয়রানি করা হচ্ছে।
ওসমান ফারুকের বিরুদ্ধে এ অভিযোগ অবিশ্বাস্য ও হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।