সুনির্দিষ্ট কারণ ছাড়াই বিদ্যুৎ বিপর্যয়ের তদন্ত প্রতিবেদন উপস্থাপন
বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে শুধু কিছু সুপারিশ দিয়ে গত ১ নভেম্বরের জাতীয় গ্রিড বিপর্যয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হলো। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সাংবাদিকেরা সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ফ্রিকোয়েন্সি সমস্যার কারণে এটা হয়েছিল। তবে কোথায়, কীভাবে এই সমস্যাটা হয়েছে, তা বলেননি প্রতিমন্ত্রী। তিনি দোষারোপ না করে ভবিষ্যতে যেন এ ধরনের বিপর্যয়ে না পড়তে হয়, সে জন্য সাহস দেওয়া ও নিউজ করার অনুরোধ জানান।
১ নভেম্বর বিপর্যয়ের কারণে সারা দেশে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ছিল না। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির করা কিছু সুপারিশ উল্লেখ করা হয়। এর মধ্যে ২২টি সুপারিশ স্বল্পমেয়াদি যা আগামী তিন মাসে বাস্তবায়ন করা যৌক্তিক বলে মনে করে কমিটি। এ ছাড়া মধ্য ও দীর্ঘ মেয়াদে ১০টি সুপারিশ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তদন্ত কমিটির সদস্য সচিব বিদ্যুৎ সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।