সুনির্দিষ্ট তথ্যের অভাবে অর্থ পাচারকারীদের ধরা যাচ্ছে না: দুদকের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

অর্থ পাচারসংক্রান্ত কাগজপত্র ও তথ্য ঠিকভাবে না পাওয়াটা দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের অভাবে অর্থ পাচারকারীদের ধরা যাচ্ছে না।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মঈনউদ্দীন আবদুল্লাহ এ কথা বলেন।

দুদকের চেয়ারম্যান বলেন, ‘অল্প সময়ের মধ্যে আমার অভিজ্ঞতা হচ্ছে মানি লন্ডারিং-সংক্রান্ত ডকুমেন্ট এবং তথ্য না পাওয়াই এখন আমাদের প্রধান অন্তরায়। এমন নানা ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যা অতিক্রম করার জন্য আমরা পরিকল্পনা করব।’

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘আন্তর্জাতিকভাবেও আমাদের কাছে তথ্য সংগ্রহের নির্দেশ আসে। এ–সংক্রান্ত বিষয়ে আমরা জাতিসংঘের সংশ্লিষ্ট ফোরামে স্বাক্ষর করেছি। এরপরও সময়মতো সব দেশ থেকে সহযোগিতা পাচ্ছি না। তবে দেশে বাংলাদেশ ব্যাংক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।

প্রাথমিকভাবে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেই বিদেশে যোগাযোগ করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে অনেক দেশ জানতে চায়, সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে মামলা হয়েছে কি না। মামলা হলে তারপর তারা তথ্য দেবে।’

সুনির্দিষ্ট তথ্যের অভাবে অর্থ পাচারকারীদের ধরা যাচ্ছে না বলে মন্তব্য করেন দুদকের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব অভিযোগ আসে, তার ভিত্তিতে দুদক কাজ করে। অর্থ পাচারের বিষয়ে সাধারণত দুদকের কাছে তথ্য আসতে হয়। তথ্য সঠিকভাবে পেলে মামলায় দুদকের হারার কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ঘুষ বা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করার ঘটনা দুদক অনুসন্ধান ও তদন্ত করে। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্থ বিদেশে পাচারের ঘটনা তদন্ত করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর হুন্ডি বা অন্য কোনো উপায়ে অর্থ পাচার হলে তা পুলিশের সিআইডি তদন্ত করে।

মতবিনিময় অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান ছাড়াও দুই কমিশনার মোজাম্মেল হক খান, জহুরুল হক, দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, র‍্যাকের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।