ঢাকার একটি রেস্তোরাঁয় গত শুক্রবার জঙ্গি হামলার ঘটনায় সাত জাপানি নাগরিক নিহত হওয়ার পর থেকে জনমনে একটি প্রশ্ন উঠেছে, জাপানিদের লক্ষ্য করেই কি এ হামলা চালানো হয়েছে? জবাবে বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত না। তবে সামনে এমন হামলার ঘটনায় জাপানিরা আক্রান্ত হতে পারেন বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তাঁরা।
টোকিওর জেএফ ওবারলিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকিরা কাতো বলেন, ‘বিশ্বের বিভিন্ন স্থানে আইএসআইএসের পশ্চিমাবিরোধী হামলার ঘটনা ঘটতে শুরু করেছে। ঢাকার হামলা আইএসআইএস পরিচালনা করুক বা না-ই করুক, সংগঠনটির আদর্শ ছড়িয়ে পড়ছে।’ তিনি বলেন, এই হামলার ঘটনায় জাপানি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। বিদেশের মাটিতে ব্যবসা করতে চাইলে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকির বিষয়টি তাদের মাথায় রাখতেই হবে।
জাপানের মধ্যপ্রাচ্যবিষয়ক ইনস্টিটিউটের ইউতাকা তাকাওকা বলেন, ‘আইএসের এমন হামলা যেকোনো স্থানে, যেকোনো সময় এবং যে কেউ করতে পারে। তবে সম্ভবত জাপান আইএসের লক্ষ্যবস্তুতে পরিণত হবে না। কারণ, এখান থেকে খুব বেশি জনবল বা অর্থ পাচ্ছে না তারা। ঢাকায়ও খুব সম্ভবত জাপানিদের লক্ষ্য করে হামলা হয়নি। কারণ, হামলাকারীরা নির্দিষ্ট করে কোনো দেশের নাগরিকের কথা উল্লেখ করেনি।’
জাপানে বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্লাবের সাবেক সভাপতি ও দেশটিতে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক মনজুরুল হক বলেন, ‘আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব সহজে প্রচার পাওয়ার মোক্ষম হাতিয়ার হলো বিদেশি নাগরিকদের ওপর হামলা করা। এটাই জঙ্গিদের লক্ষ্য এবং অর্জন।’
জাপানে সেন্টার ফর কনটেমপোরারি ইসলামিক স্টাডিজের প্রধান পরিচালক ওসামু মিয়াতা বলেন, ‘আমি বিশ্বাস করি, হামলাকারীরা বাংলাদেশি। কাজেই তাদের পক্ষে নিজের দেশের মানুষকে হত্যা করে কাঙ্ক্ষিত প্রচার পাওয়া সম্ভব নয়। আমার ধারণা, এ কারণেই তারা বিদেশিদের হত্যা করেছে।’