সুনীল গোমেজ হত্যা : সবুজ ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার খ্রিষ্টানপাড়ায় ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলার আসামি আবদুল্লাহ আল মামুন ওরফে সবুজ আলীকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। বড়াইগ্রাম আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিন আজ বৃহস্পতিবার সবুজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুই দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনে বলা হয়, গ্রেপ্তারের সময় সবুজ জানিয়েছিলেন তিনি ঘটনার দিন ঢাকা ছিলেন। কিন্তু তাঁর মোবাইল ট্র্যাকিং করে দেখা যায় ঘটনার সময় তিনি ঘটনাস্থলের আশপাশেই ছিলেন। তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন। পরে আদালত তিন দিন মঞ্জুর করেন।

প্রথম দফায় রিমান্ড আবেদনে বলা হয়েছিল, সবুজ আলীর স্ত্রী ও নিহত সুনীলের স্ত্রী পরস্পরের আত্মীয়। ধর্মান্তরিত হওয়া নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে খুনের রহস্য জানা যেতে পারে।

বনপাড়া খ্রিষ্টানপাড়ার মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে গত রোববার দুপুরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিন রাতেই তাঁর মেয়ে স্বপ্না গোমেজ বড়াইগ্রাম থানায় মামলা করলে পুলিশ সুনীলের বাড়ির ভাড়াটে সবুজ আলীকে গ্রেপ্তার করে। ট্রাকচালক সবুজ আলী প্রায় এক বছর ধরে ওই বাড়িতে সপরিবারে ভাড়া থাকছেন।