সুনীল গোমেজ খুনের ঘটনায় মেয়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিষ্টানপাড়ায় সুনীল গোমেজ খুনের ঘটনায় মামলা করেছেন তাঁর মেয়ে স্বপ্না গোমেজ। গতকাল রোববার রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

বড়াইগ্রাম থানার পুলিশ সূত্রে জানা যায়, মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। মামলার অভিযোগে বলা হয়, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করেছে।

মামলার তদন্তের দায়িত্বে থাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির বাড়ির ভাড়াটে সবুজ আলীকে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।

এসআই বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দায়ী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা গতকাল সন্ধ্যায় বনপাড়া বাজারে মানববন্ধন করে সাত দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আজ বিকেলে তাঁরা এক প্রার্থনা সভায় মিলিত হবেন।

ময়নাতদন্ত শেষে সুনীল গোমেজের লাশ নাটোর সদর হাসপাতাল থেকে বনপাড়ায় নেওয়া হয়েছে। দুপুরে তাঁকে সমাহিত করা হবে।