সুনীল গোমেজ হত্যায় রাজীব গান্ধী রিমান্ডে
নাটোরের বড়াইগ্রামে সুনীল গোমেজ হত্যা মামলায় জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে আজ বৃহস্পতিবার চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রাজীব গান্ধীকে গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী বলছে পুলিশ। নব্য জেএমবির কথিত এই নেতাকে গত ১৩ জানুয়ারি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এবার সুনীল গোমেজ হত্যায় তাঁকে রিমান্ডে নেওয়া হলো।
নাটোরের আদালত পুলিশ জানায়, সুনীল গোমেজ হত্যা মামলায় আজ নাটোরের আদালতে রাজীব গান্ধীকে হাজির করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আব্দুল হাই। শুনানি নিয়ে রাজীব গান্ধীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালত পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, সুনীল গোমেজ হত্যার রহস্য উন্মোচনে রাজীব গান্ধীকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
২০১৬ সালের ৫ জুন বড়াইগ্রামের বনপাড়ায় মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে (৭২) কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর মেয়ে বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।