সুনীল গোমেজের পরিবারকে অনুদান
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিষ্টানপল্লিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নিহত সুনীল গোমেজের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও নাটোরের দুই সাংসদ নিহত সুনীলের বাড়িতে যান। এ সময় প্রতিমন্ত্রী ৫০ হাজার টাকা ও সাংসদ শফিকুল ইসলাম ৫০ হাজার টাকা সুনীলের স্ত্রী জাসিন্তা রিবেরুর হাতে তুলে দেন।
আজ শুক্রবার বেলা তিনটার দিকে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম ও নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস নিহত সুনীল গোমেজের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী, কন্যা ও ভাইয়ের সঙ্গে হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলেন। প্রতিমন্ত্রী ও সাংসদেরা তাঁদের প্রতি সমবেদনা জানান। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে বলে তাঁদের আশ্বস্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্সী শাহাবুদ্দীন, বড়াইগ্রামের ইউএনও মো. রুহুল আমিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নাটোর জেলার সভাপতি চিত্ত রঞ্জন সাহা প্রমুখ।
৫ জুন রোববার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিষ্টানপল্লিতে মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে তাঁর দোকানেই কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ হত্যার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।