সুনীল, নিত্যরঞ্জনের পরিবারকে অনুদান

প্রধানমন্ত্রীর সমবেদনা পৌঁছে দিতে গতকাল শুক্রবার নাটোরে দুর্বৃত্তের হামলায় নিহত সুনীল গোমেজের বাড়িতে গিয়েছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও নাটোরের স্থানীয় দুই সাংসদ। এদিকে পাবনায় দুর্বৃত্তের হামলায় আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম মাঠে জেলা প্রশাসন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা করে। প্রধান অতিথি হিসেবে এ সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
দুটি পরিবারকেই সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়াসহ পরবর্তী সময়ে আরও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম গতকাল বিকেল তিনটার দিকে বড়াইগ্রামের বনপাড়ার খ্রিষ্টানপল্লিতে দুর্বৃত্তের হামলায় নিহত সুনীল গোমেজের বাড়িতে যান। তাঁরা নিহত ব্যক্তির স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁরা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর সমবেদনা পৌঁছে দেন নিহত সুনীলের পরিবারের সদস্যদের। প্রতিমন্ত্রী জানান, এ ঘটনায় প্রধানমন্ত্রী মর্মাহত। তিনি সমবেদনা জানিয়েছেন। প্রতিমন্ত্রীসহ দুই সাংসদও ব্যক্তিগতভাবে সমবেদনা প্রকাশ করেন। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন পরিবারটিকে। পরে প্রতিমন্ত্রী ৫০ হাজার টাকা ও সাংসদ শফিকুল ইসলাম ৫০ হাজার টাকা নিহত সুনীলের স্ত্রী জাসিন্তা রিবেরুর হাতে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক খলিলুর রহমান, এএসপি মুন্সী শাহাবুদ্দীন, বড়াইগ্রামের ইউএনও রুহুল আমিন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল প্রামাণিক প্রমুখ।
এদিকে পাবনার শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বিকেলে ওই আশ্রমের মাঠে জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এক সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক।
সভায় বক্তব্য দেন নিহত সেবায়েতের ছেলে নন্দ দুলাল পাণ্ডে। তিনি বলেন, ‘আমার বাবা যেন এই হত্যাযজ্ঞের শেষ শিকার হন। আর কোনো সন্তানকে যেন বাবাহারা না হতে হয়।’
আলোচনা পর্ব শেষে মন্ত্রী দুর্বৃত্তদের হামলায় নিহত নিত্যরঞ্জন পান্ডের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে পরিবারটিকে ৫০ হাজার টাকা অনুদান ও আগামী তিন মাসের মধ্যে সেবায়েতের মেয়েকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টি করে, মানুষকে হত্যা করে আওয়ামী লীগ সরকারকে সরানো যাবে না। ২০১৯ সালের এক দিন আগেও আওয়ামী লীগ নির্বাচন ছাড়া ক্ষমতা ছাড়বে না। নিত্যরঞ্জন পান্ডের খুনিদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘খুনিরা যেখানেই থাকুন, আপনাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।’