সুনীল হত্যা মামলায় আবদুল্লাহ ২ দিনের রিমান্ডে
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিষ্টানপাড়ায় ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন ওরফে সবুজ আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সামশুল আল আমিন এ আদেশ দেন।
আবদুল্লাহ সুনীলের বাড়ির একজন ভাড়াটে।
আজ বেলা সাড়ে ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আবদুল হাই আসামিকে আদালতে হাজির করেন। এ ঘটনায় গতকালই আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। একপর্যায়ে আদালত জানতে চান, কেন এই আসামিকে গ্রেপ্তার করা হলো। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, সুনীলের স্ত্রী ও আবদুল্লাহর স্ত্রী সম্পর্কে বোন। সুনীল ও তাঁর স্ত্রী একসময় ইসলাম ধর্ম থেকে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করায় এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। পরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, মামলার তদন্তে সহযোগিতার জন্য ঢাকা থেকে পুলিশের বিশেষ শাখার দুই কর্মকর্তা গতকাল সকালে নাটোরে পৌঁছান। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত তদারকি দলও গঠন করা হয়।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, সুনীল গোমেজ হত্যার ঘটনায় তাঁর মেয়ে স্বপ্না গোমেজ গত রোববার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেন। মধ্যরাতে মামলাটি নেওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
পরিদর্শক আবদুল হাই প্রথম আলোকে বলেন, মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য সুনীলের ভাড়াটে সবুজ আলীকে আটক করা হয়। তিনি একজন ট্রাকচালক। পরে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। হত্যার রহস্য উদ্ঘাটনে সুনীলের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে সম্ভাব্য কারণ ও দোষী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বনপাড়ার খ্রিষ্টানপাড়ায় গত রোববার দুপুর ১২টার দিকে সুনীল গোমেজকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়। নাটোর সদর হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর গতকাল বিকেলে বনপাড়া খ্রিষ্টান কবরস্থানে সুনীলকে সমাহিত করা হয়।
নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, সুনীলের ঘাড়ে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।