সুনীলের আজব ‘চিকিৎসা’
‘আমি কবিরাজ না। আমি ওপরঅলার অদৃশ্য তাগিদ ও নির্দেশে মাইনষের রোগ বালা কইরা উপকার করতাছি। কেউ আমারে বিশ্বাস করুক আর নাই করুক, তাতে আমার কিছু আসে-যায় না।’কথাগুলো ময়মনসিংহের নান্দাইল উপজেলার গইছখালী গ্রামের সুনীল চন্দ্র বর্ম্মণের। ‘আধ্যাত্মিক শক্তির’ জোরে তিন সপ্তাহ ধরে নানা রোগের ‘চিকিৎসা’ দিয়ে যাচ্ছেন তিনি।সুনীলকে গ্রামের মানুষ ‘জাউলা সুনীল’ নামেই চিনত। সেই সুনীল এখন প্রতিদিন এক-দেড় হাজারেরও বেশি রোগীর রোগ ‘নিরাময়’ করছেন বলে কেউ কেউ বলছেন।সুনীলের ‘খ্যাতি’ ছড়িয়ে পড়েছে। নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ আসছে তাঁর কাছে।‘চিকিৎসা’-পদ্ধতি: সবাইকে প্রায় একই পদ্ধতিতে ‘চিকিৎসা’ দেন সুনীল। প্রথমে রোগীকে জুতা খুলতে বলা হয়। তারপর বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দিয়ে কিছুক্ষণ রোগীর কপালের দুই পাশে চেপে ধরে রাখেন।তবে নিঃসন্তান নারীদের ক্ষেত্রে চিকিৎসা-পদ্ধতি ভিন্ন। নিঃসন্তান নারীদের হাতে তাজা লাল জবা ফুল তুলে দিয়ে শুঁকতে বলা হয়।সুনীলের কথা: সুনীল বলেন, ‘আমি তো কোনো চিকিৎসা করছি না, ওপরঅলার নির্দেশে লোকজনের শরীরে হাত বুলিয়ে দিচ্ছি। এতে তাঁরা রোগমুক্ত হচ্ছে। আমি তো কাউকে জোর করে ধরে আনছি না। ভণ্ড কবিরাজরা যেমন ওষুধপত্র দেয়, আমি তা-ও দিচ্ছি না। কারও কাছ থেকে টাকাও নিচ্ছি না। তার পরও কেউ কেউ উঠানে রাখা কলসির ভেতরে দু-পাঁচ টাকা রেখে যাচ্ছে।’সুনীল প্রথম আলোকে আরও বলেন, ‘ভেতর থেকে এক অদৃশ্য শক্তি আমাকে ইশারা দেয়, তখন আমি মানুষের উপকার করি।’সরেজমিনে দেখা যায়, ‘চিকিৎসা’ শেষে রোগীরা যে যার মতো করে উঠানে রাখা কলসিতে টাকা রেখে যাচ্ছে।স্থানীয় লোকজনের বক্তব্য: গ্রামের মতিউর রহমান (৪৫) বললেন, সুনীলদের বংশানুক্রমিক পেশা মাছ ধরা। গত ১৭ জুলাই থেকে তাঁর মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ করেন তাঁরা।মতিউরের ভাষ্য অনুযায়ী, পাশের কুড়েরপাড় এলাকার রব্বানী নামের এক রোগীকে দেখে সুনীল বলেছিলেন, রব্বানী তিন দিন পর মারা যাবেন। পরে ঘটেছেও তা-ই। মতিউরের দাবি, সারা শরীরে ব্যথা নিয়ে তাঁর ভাবি মেহেরুন্নেছা শয্যাশায়ী ছিলেন। সুনীলের ‘চিকিৎসায়’ তিনি এখন সম্পূর্ণ রোগমুক্ত। মতিউরের মতো আরও অনেকে দাবি করেছেন, সুনীলের ‘চিকিৎসায়’ অনেক রোগী সুস্থ হয়েছে।নান্দাইলের খামারগাঁও গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, তাঁর হাঁটুতে ব্যথা ছিল। লোকমুখে সুনীলের কথা শুনে তিনি তাঁর ‘চিকিৎসা’ নেন। প্রথমে তাঁর মনে হয়েছিল অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু এখন হাঁটুর ব্যথা আগের চেয়ে বেড়ে গেছে।চিকিৎসকের বক্তব্য: নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাজুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘লোকমুখে সুনীল বর্ম্মণের কথা শুনছি। তাঁর চিকিৎসায় কেউ আরোগ্য লাভ করছে বলেও লোকজন বলাবলি করছে। এটি মানুষের এক ধরনের গণমানসিক সমস্যা হতে পারে।’রোগী কমে গেছে হাসপাতালে: সুনীলের ‘চিকিৎসা’ শুরু হওয়ার পর থেকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীর সংখ্যা কমে গেছে বলে জানা গেছে।আরএমও তাজুল ইসলাম খান রোগীর সংখ্যা কমে যাওয়ার কথা স্বীকার করেছেন।সচেতন মানুষের উদ্বেগ: সুনীলের এ আজব ‘চিকিৎসায়’ উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষ। তাঁরা সুনীলের এ ‘চিকিৎসা’ বন্ধের দাবি জানিয়েছেন।এ প্রসঙ্গে গত রোববার মুঠোফোনে ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ বি এম মোজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোনো ব্যক্তি যদি সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ছাড়া রোগী দেখে ব্যবস্থাপত্র দেন, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু সুনীল চন্দ্র বর্ম্মণ রোগীদের মাথায় হাত রেখে ঝাড়ফুঁক দিয়ে বিদায় দিচ্ছেন। এতে রোগীরা সন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছে। এ ক্ষেত্রে তো আমার কিছুই করার নেই।’ নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশ সুনীলের বাড়িতে গিয়ে বেআইনি কিছু দেখতে পায়নি।’