সুনীলের জন্মস্থান কালকিনিতে শোক
কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে তাঁর জন্মস্থান বাংলাদেশের মাদারীপুরের কালকিনি উপজেলার কাজী বাকাই ইউনিয়নের মাইজপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।গতকাল মঙ্গলবার সকাল নয়টায় সুনীলের জন্মস্থানে গিয়ে দেখা যায়, ভোর থেকেই কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ তাঁর ভক্ত-অনুরাগীরা আসতে শুরু করেছেন। সবাই শোকাহত। শোকে স্তব্ধ সুনীল সুনীলসাহিত্যচর্চা ও গবেষণাকেন্দ্র ‘সুনীল আকাশ’। মাদারীপুর শিল্পকলা একাডেমীর নাট্যপ্রশিক্ষক আ জ ম কামাল জানান, ‘দাদা ১০-১১ বছর বয়সে কষ্ট আর অভিমান নিয়ে চলে যান ভারত। এসেছেন অনেক বছর পর ২০০৩ সালে। চারদিকে তখন অনেক খ্যাতি। তিনি ভোলেননি তাঁর জন্মস্থানের মাটি। ছোটবেলা থেকে তিনি ছিলেন চঞ্চল প্রকৃতির। আজ সে চঞ্চলতা চিরতরে স্তব্ধ হয়ে গেল।’ সুনীল মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব মিঠু হোসেন শিকদার জানান, ‘সুনীলদা এ মাটিতে জন্মগ্রহণ করায় আমরা গর্বিত। আমরা তাঁকে আজীবন সঞ্চরণ রাখব।’ সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতিবেশী সুমন হাওলাদার জানান, ‘তিনি এসে আমাদের বাড়িতে থাকতেন। আমরা তাঁর পছন্দের খাবারের ব্যবস্থা করতাম।’