সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র সম্পর্কে পেট্রোবাংলার ব্যাখ্যা
সুনেত্র ও রশিদপুর গ্যাসক্ষেত্র নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত ও গণমাধ্যমে প্রচারিত খবরাখবর সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।গত মঙ্গলবার পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া ওই ব্যাখ্যায় বলা হয়, সুনেত্র গ্যাসক্ষেত্রটি বাপেক্স আবিষ্কার করেছে। এখন বাপেক্সই সেখানে অনুসন্ধান কূপ খননের প্রস্তুতি চালাচ্ছে। এই কাজে সব অর্থ দেওয়া হচ্ছে পেট্রোবাংলার নিজস্ব গ্যাস উন্নয়ন তহবিল থেকে। এই গ্যাসক্ষেত্রটি বিদেশি কোম্পানির কাছে দেওয়ার কোনো প্রশ্নও নেই।বিজ্ঞপ্তিতে বলা হয়, রশিদপুর গ্যাসক্ষেত্রটিও বঙ্গবন্ধুর আমল থেকে রাষ্ট্রীয় সম্পদ। সরকারি কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড এটি পরিচালনা করছে। এটিই বা কীভাবে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রশ্ন ওঠে, তা বোধগম্য নয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃতপক্ষে কোনো বিশেষ উদ্দেশ্যে দেশবাসীর মনে বিভ্রান্তি সৃষ্টির সুদূরপ্রসারী লক্ষ্যে সুনেত্র ও রশিদপুরের মতো রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাসক্ষেত্র বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রচার চালানো হচ্ছে বলে পেট্রোবাংলা মনে করে।