সুনেত্র গ্যাসক্ষেত্রের অনুসন্ধান কূপ খনন কাজ শেষ পর্যায়ে
সুনেত্র গ্যাসক্ষেত্রের অনুসন্ধান কূপ খননকাজ বর্তমানে শেষ ধাপে রয়েছে। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গাবী গ্রামে গত ১০ আগস্ট থেকে বিজয় ১০ নামের খননযন্ত্র (রিগ) দিয়ে ওই খননকাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স)।বাপেক্স ও স্থানীয় সূত্র জানায়, ২০০৯ সালে ২৬০ কিলোমিটার দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে সুনেত্র গ্যাসক্ষেত্রটি চিহ্নিত করা হয়। সুনামগঞ্জের ধরমপাশা এবং নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলাজুড়ে বিস্তৃত এ ক্ষেত্রটি দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র হবে বলে আশা করছে বাপেক্স। এখানে দুই থেকে তিন ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কূপ খনন প্রকল্পের কাজে ব্যয় ধরা হয়েছে ৮০ কোটি ২৫ লাখ টাকা। বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, তিন মাস আগে চার হাজার মিটার কূপ খননকাজের লক্ষ্যমাত্রা নিয়ে পাঁচটি ধাপে কাজ শুরু হয়। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত তিন হাজার ৩০০ মিটার পর্যন্ত কূপ খননকাজ সম্পন্ন হয়েছে। এখন পঞ্চম অর্থাৎ শেষ ধাপের কাজ চলছে।