সুন্দর ও সুষমার শক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফুলের গর্ভাশয়, কুঁকড়ে থাকা কচি পাতা, পাখির ধূসর পালক কিংবা ধ্যানমগ্ন টিকটিকি ত্রিমাত্রিক চেহারা নিয়ে ফ্রেমবন্দী হয়ে আছে। প্রকৃতির এই সব উপকরণ তার নিজস্ব রূপ থেকে সরে এসে নতুন অর্থ সঞ্চার করে না দর্শকের মনে ও মননে। সব ছাপিয়ে নতুন এক উপলব্ধিতেও পৌঁছানো যায় না। নকশা বা অলংকরণের সৌকর্য দেখার অভিজ্ঞতাই স্থায়ী হয় শেষ পর্যন্ত। শিল্পী সুকান্ত চৌধুরীর ‘প্রেম, প্রকৃতির খোদাই কাব্য’ শিরোনামে আয়োজিত প্রদর্শনীকে তবু ব্যর্থ বলা যাবে না। কারণ, সুন্দরের শক্তিও শিল্পের দাবি নিয়ে হাজির হয় কখনো কখনো।
৬ এপ্রিল সন্ধ্যা সাতটায় নগরের শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে উদ্বোধন হয় সুকান্ত চৌধুরীর কাঠ খোদাই মাধ্যমের ছয় দিনের এই প্রদর্শনীর। প্রদর্শনীর কল্যাণে বহু দিন পর দর্শক কাঠ খোদাই মাধ্যমের কাজ দেখার সুযোগ পেল। এই মাধ্যমে শিল্পী সুকান্ত যে দক্ষতা অর্জন করেছেন, তা তাঁর প্রদর্শনীর ৩০টি শিল্পকর্ম দেখলেই বোঝা যায়।
প্রকৃতির সূক্ষ্ম-অনুপুঙ্খ বিবরণ উঠে আসে সুকান্তের শিল্পকর্মে। ফুল ও পতঙ্গের মতো যুগল চরিত্র চিত্রণের মধ্য দিয়ে প্রেমের অনুষঙ্গও তুলে ধরেন তিনি। খোদাইয়ের দক্ষতা ও রঙের পারিপাট্য দেখে মুগ্ধ হতে হয়। দর্শক নিজের অজান্তেই বলে ওঠে, সুন্দর। কিন্তু ওই পর্যন্তই। ফুল ও পতঙ্গের সম্পর্কের রহস্য আর উদ্ঘাটন করা হয় না।
সুকান্তের কাজের মাধ্যম ত্রিমাত্রিক হলেও তাঁর খোদাই করা মানুষের মুখগুলো দ্বিমাত্রিক অনুভূতি ছড়ায়। কবিতার ইলাস্ট্রেশনের মতোই তারা অনুভূতিহীন। বরং মানব অবয়বের চেয়েও বেশি নকশার উপাদান মনে হয় তাদের। তবে এমন মনে হওয়ার পেছনে যে শিল্পীর অভিপ্রায়ই মুখ্য, তাতেও কোনো সংশয় থাকে না দর্শকের। সৌন্দর্যবোধ আর সুষমার শক্তি যখন মুখ্য হয়ে ওঠে, তখন অন্য কিছু তো আর চোখে পড়ার কথা নয়।